Barak UpdatesHappeningsBreaking News
সুস্মিতার দাবি, তাঁর মামলায় হারার ভয়ে আধার জটিলতা মিটিয়েছে সরকার

ওয়েটুবরাক, ৩ সেপ্টেম্বর: হিন্দু হিন্দু করলেও বিজেপি দল বা তাদের সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাঙালি হিন্দুদের জন্য কিছুই করছেন না। এই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, এন আর সি বলুন বা সিএএ, সবেতেই বেশি ভুগছেন হিন্দু বাঙালিরা। এনআরসি থেকে যারা বাদ পড়েছেন, তাঁদের অধিকাংশই যে হিন্দু বাঙালি, তা সরকারি তথ্যেই স্পষ্ট। সিএএতেও বাংলাদেশে বসবাসের নথি চেয়ে হিন্দু বাঙালিকে বিপাকেই ফেলা হয়েছে।
এর মধ্যে প্রকৃত ভারতীয়দের অনেকে এনআরসির গেরোয় আধার কার্ড পাচ্ছিলেন না। নেতাজি মূর্তি উন্মোচন করতে এসে মুখ্যমন্ত্রী শর্মা দাবি করেছিলেন, তিনি ওইসব মানুষের আধার সমস্যা মিটিয়ে দিয়েছেন। সুস্মিতা বুধবার চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সদিচ্ছায় বিজেপি সরকার বা তাদের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নেননি। তিনি অন্যায়ভাবে আধার আটকে রাখার প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। ওই মামলায় একেবারে হারের মুখে সরকার উপায় না পেয়ে এনআরসিতে যাদের নাম উঠেছে, তাদের সকলের আধার কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
মূর্তি উন্মোচনে এসে সুস্মিতার তীব্র সমালোচনা করেছিলেন হিমন্ত। তিনি বলেছিলেন, তৃণমূল করতে গিয়ে নিজের রাজ্য ছেড়ে দিলেন যে নেত্রী, তাঁকে নিয়ে কিছু বলতে চাই না। সুস্মিতা বিভাজনের রাজনীতি করেন বলেও মন্তব্য করেন তিনি। এর জবাবে সুস্মিতা এ দিন বলেন, বিভাজনের রাজনীতি কারা করেন, তা আর বলার অপেক্ষা রাখে না।



