Barak UpdatesHappeningsBreaking News
সাংসদ কণাদ পুরকায়স্থের উপস্থিতিতে জগন্নাথ সিং কলেজে শারদোৎসব উদযাপিত

ওয়েটুবরাক, ২৯ সেপ্টেম্বর: গত শুক্রবার উধারবন্দ জগন্নাথ সিং কলেজের সাংস্কৃতিক কোষের উদ্যোগে কলেজে শারদীয়া উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। কলেজ পরিচালন সমিতির সভাপতি সোমনাথ দেব সাংসদের হাতে একটি সংবর্ধনা স্মারক তুলে দেন। অধ্যক্ষ ড. এস সমরেন্দ্র সিংহ স্বাগত ভাষণ দেন। কলেজ পরিচালন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ সূর্য কুমার শর্মাও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। পরে কণাদ পুরকায়স্থ তাঁর বক্তব্যে কলেজের পরিকাঠামো উন্নয়নে সাংসদ তহবিল থেকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন।
ওই দিন সাংসদ পুরকায়স্থ কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবেরও উদ্বোধন করেন। উন্মোচন করেন কলেজ মুখপত্র ‘প্রয়াসে’র দ্বিতীয় সংখ্যার। এই মুখপত্র প্রকাশ করতে গিয়ে ছাত্র, শিক্ষক ও কলেজ পরিচালন সমিতির প্রত্যেক সদস্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা তথা প্রয়াস মুখপত্রের কার্যবাহী সম্পাদিকা ড. সুস্মিতা পাল।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রীরা শারদোৎসবের সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন ধরনের সঙ্গীত, স্বরচিত কবিতা এবং নাটক পরিবেশন করে। কলেজের শিক্ষক-শিক্ষিকারাও তাতে অংশগ্রহণ করেন।



