India & World UpdatesHappeningsBreaking News
নেপালে মসজিদ ভাঙচুরকে ঘিরে তীব্র উত্তেজনা, কার্ফু জারি

ওয়েটুবরাক, ৭ জানুয়ারি: জেন-জি আন্দোলনের পর এবার সাম্প্রদায়িক উত্তেজনা ভারতের পড়শি দেশ নেপালে। অশান্তির সূত্রপাত পার্সা জেলার বীরগঞ্জ শহরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় বিষয় সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ্যে আসে। তা দেখামাত্র বিক্ষোভে ফেটে পড়ে জনতা। পরে একটি মসজিদে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ। এই অবস্থায় নেপাল সীমান্ত সিল করল ভারত সরকার। নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড। জরুরি পরিষেবা ছাড়া যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে না। একইসঙ্গে আজ, বুধবার পর্যন্ত বিহারের রাক্সৌল জেলার নিকটবর্তী বীরগঞ্জে কার্ফু জারি করেছে পার্সার জেলা প্রশাসন।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন হায়দার আনসারি ও আমানত আনসারি নামে দুই যুবক। অভিযোগ, পোস্টটি ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ধনুষা ও পার্সা জেলা। হায়দার ও আমানতকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা। এরইমধ্যে কমলার সাখুয়া মারান এলাকায় একটি মসজিদে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। হিন্দু সংগঠনগুলির অভিযোগ, প্রতিবাদ চলাকালীন দেব-দেবী নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়। এর জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে উন্মত্ত জনতা। উত্তেজনার কারণে ভারত-নেপাল সীমান্ত সিল করে দিয়েছে সশস্ত্র সীমা বল (এসএসবি)।
ভারত-নেপাল সংযোগকারী মৈত্রী সেতু সহ একাধিক সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালানো হচ্ছে। নেপাল থেকে ভারতে ফিরে আসছেন বহু শ্রমিক।



