Barak UpdatesHappeningsBreaking News
ডিএনএনকে স্কুলে বাজার ! ছাত্রীদের উৎসাহ দিতে এক অভিনব উদ্যোগ

ওয়ে টু বরাক, ২৬ ডিসেম্বর : পণ্য তৈরি করে বাজারজাত করার ক্ষেত্রে ছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য এবং বাজারের সঙ্গে প্রয়োগিক শিক্ষা দেবার লক্ষ্যে ডিএএনকে গার্লস এইচএস স্কুলের এনএসএস ইউনিট শুক্রবার এক বাজারের আয়োজন করে। এই বাজারে ছাত্রীরা নিজেদের তৈরি বিভিন্ন শিল্পদ্রব্য, চিত্রকলা, হাতে বোনা বিভিন্ন দ্রব্য এবং নানা স্বাদের খাদ্য সামগ্রী যেমন পিঠাপুলি, চাট, মম এবং আরও রকমারি স্বাদের খাদ্য তৈরি করে ডালি সাজায়। সাথে ছিল ওদের বাগানের বিভিন্ন শাক সবজি । এ দিন মোট ২৫টি দোকান পঞ্জিকৃত হয়। পরে আরও কয়েকটির সংযোজন ঘটে।
জমজমাট এই বাজার উদঘাটন করেন কাছাড় কলেজের অধ্যক্ষ অপ্রতীম নাগ। সাথে ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি শান্তনু নায়েক, স্কুলের অধ্যক্ষ অভিজিৎ সাহা, এনএনএস ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সন্দীপ দেবনাথ ও অনান্য শিক্ষক-শিক্ষিকারা। অপ্রতীম নাগ তাঁর ভাষণে এইরকম উদ্যোগকে সাধুবাদ জানান এবং আশা প্রকাশ করেন ছাত্রীদের এই হাতে কলমে শিক্ষা তাদের ভবিষ্যতে সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা হতে আত্মবিশ্বাসী করে তুলবে।
স্কুলের অধ্যক্ষ অভিজিৎ সাহা তাঁর বক্তব্যে আজকের যুগ যে দক্ষতার যুগ তা স্মরণ করিয়ে দেন এবং শিক্ষক সন্দীপ দেবনাথের পরিচালনায় এই বাজার আয়োজনের ভুয়সী প্রশংসা করেন। ক্রেতা হিসাবে ছিলেন ড নাগ, স্কুল পরিচালন সমিতির সভাপতি, স্কুলের প্রাক্তনী, শিক্ষক শিক্ষিকা আর ছাত্রীরা। বাস্তব বাজারের মতই ক্রেতা বিক্রেতার দরকষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় চলে। সবাই খুব উৎসাহে বাজারের পরিবেশ উপভোগ করেন।
বর্তমান বাজারের মতো ক্রেতাদের আকর্ষণ করার লক্ষ্যে গিফট কুপনের ব্যবস্থা করা হয়। কোনও দোকান থেকে একশ টাকা বা তার অধিক টাকার জিনিষ ক্রয় করলে গিফট কুপন দেওয়া হয়। বাজার শেষে লটারির মাধ্যমে তিনজন ক্রেতা উপহার পান। সব মিলিয়ে স্কুল এক জমজমাট ও ইতিবাচক প্রচেষ্টা সাক্ষী রইল।
প্রসঙ্গত, যুক্তিযুক্ত কারণেই জাতীয় শিক্ষা নীতি ২০২০ ছাত্র-ছাত্রীদের দক্ষতা পূর্ণ শিক্ষার উপর জোর দিয়েছে। এই নীতি ষষ্ঠ শ্রেণি থেকেই কোনও এক বিষয়ে দক্ষতার পাঠ দানের সুপারিশ করেছে। যেহেতু সরকারি চাকরির সংখ্যা খুবই সীমিত। তাই ছাত্র-ছাত্রীরা যদি কোনও এক বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে তবে তারা স্বাবলম্বী হতে পারবে। স্কুলই তার প্রথম হাতেখড়ির প্রাঙ্গণ।পণ্য তৈরি করা বা সংগ্রহ করা এবং তা বাজারজাত করা ও ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে ক্রেতার কাছে বিক্রি করা এক নিপুণ কৌশল। সেই প্রেক্ষাপটেই স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।



