NE UpdatesHappeningsBreaking News
কংগ্রেসের ২০ বছরে ৬৪ লক্ষ অনুপ্রবেশকারী ঢুকেছে অসমে : অমিত

ওয়েটুবরাক, ৩১ জানুয়ারি: ভোটের মুখে ফের ‘অনুপ্রবেশ’ ইস্যুতে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, কংগ্রেসের ২০ বছরের শাসনকালে অসমের জনবিন্যাস পাল্টে গিয়েছে। সেই সময়েই রাজ্যের সাতটি জেলায় প্রায় ৬৪ লক্ষ অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে।
শুক্রবার অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী ধেমাজিতে জনসভা করেন তিনি। বলেন, ‘ধুবড়ি, বরপেটা, দরং, মরিগাঁও, বঙ্গাইগাঁও, নগাঁও এবং গোয়ালপাড়া; এই সাতটি জেলা এখন অনুপ্রবেশকারীদের দখলে চলে গিয়েছে। কংগ্রেসের ২০ বছরের শাসনের আগে এই জেলাগুলিতে অনুপ্রবেশকারীদের কোনও অস্তিত্বই ছিল না। আর আজ সেখানে ৬৪ লক্ষ মানুষের বসবাস।’
অমিত শাহ বলেন, ‘আমি এটা কখনই বলছি না যে সাধারণ মানুষকেও অস্ত্র হাতে সীমান্তে যেতে হবে। আপনাদের হয়ে সেই কাজটা করবে হিমন্ত বিশ্বশর্মার সরকার। আপনারা চিন্তা করবেন না।’ একই সঙ্গে তিনি বলেন, অনুপ্রবেশ বন্ধ করতে হলে ভোটের বাক্সেই তার জবাব দিতে হবে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে আবার বিজেপিকে ক্ষমতায় আনার আর্জি জানান তিনি।



