NE UpdatesHappeningsBreaking News
২২ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দিচ্ছেন ভূপেন বরা

ওয়েটুবরাক, ১৮ ফেব্রুয়ারি: বিজেপিতেই ভিড়ছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বরা। মঙ্গলবার সন্ধ্যায় ভূপেনের বাড়িতে গিয়ে দীর্ঘ আলোচনার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান, ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন কংগ্রেস নেতা। তার সঙ্গে থাকবেন কংগ্রেসের আরও শতাধিক নেতা-কর্মী।
সোমবার সকালে হঠাৎ কংগ্রেসের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দেন ভূপেন বরা। তাঁর সিদ্ধান্ত জানতে পেরে দিল্লি থেকে ছুটে আসেন এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং। গৌরব গগৈকে নিয়ে তাঁর বাসভবনে গিয়ে কথা বলেন। পদত্যাগ প্রত্যাহার করার অনুরোধ জানান। ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জিতেন্দ্র সিং সাংবাদিকদের জানালেও মুখ খোলেননি ভূপেন। এর পরেই মঙ্গলবার তাঁর বাড়িতে মুখ্যমন্ত্রীর পদার্পণ।
বেরিয়েই তিনি সাংবাদিকদের জানান, দীর্ঘ ৩২ বছরের কংগ্রেস নেতা ভূপেন বরা বিজেপিতে যোগ দিচ্ছেন। দলের কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপির সদস্যপদ গ্রহণ করবেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, দীর্ঘদিন কংগ্রেসে সংগ্রাম করার পর ভূপেনের মতো নেতার যথাযথ মর্যাদা প্রাপ্য এবং বিজেপিতে তাঁকে সম্মান ও মর্যাদার সঙ্গে গ্রহণ করা হবে। একটি নিরাপদ আসন থেকে তাঁকে লড়ানোর ইঙ্গিতও দেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে কংগ্রেসকেও আক্রমণ করেন হিমন্ত। বলেন, “আত্মসমালোচনা করুন। নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলির সমাধান করুন।” ভূপেন বরাও তাঁর পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভ্যন্তরীণ সমন্বয়ের অভাবের কথা বলেছিলেন।



