Barak UpdatesHappeningsBreaking News
উইমেন্স কলেজে কিংবদন্তি শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি

ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর: আসামের প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গর্গকে গত শনিবার এক আবেগময় শ্রদ্ধার্ঘ্য জানাল উইমেন্স কলেজ, শিলচর। অনুষ্ঠানে সংগীত ও স্মৃতিচারণ মিলেমিশে যেন এক গভীর শ্রদ্ধার সেতুবন্ধন গড়ে তুলল।
কলেজের উপাধ্যক্ষ ড. শান্তনু দাস তাঁর আবেগভরা ভাষণে জুবিন গর্গের কালজয়ী গান, তাঁর অমলিন ব্যক্তিত্ব এবং সংগীত জগতে তাঁর অপরিসীম অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “জুবিন গর্গ কেবল একজন শিল্পী নন, তিনি ছিলেন আমাদের আবেগ, আমাদের অনুপ্রেরণা। ”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ড. ক্যাথরিন এস. মাইনাও তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেনI রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক উদ্দীপন মিশ্র তাঁর বক্তব্যে স্মৃতিচারণ করেন কলেজ জীবনের সেই দিনগুলির, যখন জুবিন গর্গের গান তাঁকে ও তাঁর মতো বহু তরুণকে অনুপ্রাণিত করত, এমনকি অসমের বাইরে থাকলেও। তাঁর কথায়, “আজকের প্রজন্মের কাছে জুবিন গর্গ কেবল একজন শিল্পী নন, তিনি একত্রীকরণের প্রতীক—যেভাবে পূর্ববর্তী প্রজন্মের কাছে ভারতরত্ন সুধাকন্ঠ ড. ভূপেন হাজরিকা ছিলেন।”
বাংলা বিভাগের প্রধান ড. সুস্পিতা দাস পুরো শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি সমন্বয় করেন এবং কিংবদন্তি শিল্পীকে নিয়ে তাঁর অনুভূতিও ব্যক্ত করেন। তিনি বলেন, “জুবিন গর্গের প্রয়াণ কেবল অসমের নয়, সমগ্র দেশের জন্যই এক বিশাল অপূরণীয় ক্ষতি।
শ্রদ্ধাঞ্জলির অংশ হিসেবে কলেজের শিক্ষকবৃন্দ শিল্পীর গান পরিবেশন করেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্দীপন মিশ্র, পরিবেশ বিজ্ঞান বিভাগের আকাশদীপ রায়, ইংরেজি বিভাগের প্রধান ড. অর্পিতা দে, কলেজের গ্রন্থাগারিক ড. সরিতা ভট্টাচার্য এবং সংস্কৃত বিভাগের প্রধান নিত্যেন্দু বিকাশ দাস তাঁদের আন্তরিক সুরে শিল্পীর স্মৃতিকে জীবন্ত করে তোলেন। প্রতিটি সুরে প্রতিধ্বনিত হয়েছিল ভালবাসা, শ্রদ্ধা আর বেদনার মিশ্রণ।



