Barak UpdatesHappeningsBreaking News

উইমেন্স কলেজ শিলচরে পরিবেশ দিবস পালন

এন.এস.এস সেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ওয়েটুবরাক, ৫ জুন: পরিবেশ-সচেতনতা, সবুজায়ন এবং টেকসই উন্নয়নের বার্তাকে সামনে রেখে বৃহস্পতিবার উইমেন্স কলেজ, শিলচরে বিশ্ব পরিবেশ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কলেজের এনএসএস সেলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. সুজিত তেওয়ারি, উপাধ্যক্ষ ড. শান্তনু দাস, এনএসএস সেলের আহ্বায়ক ড. প্রতীতি সিংহ, ড. সুজয় দাস, আকাশদীপ রায়-সহ শিক্ষক-শিক্ষিকা, এন.এস.এস স্বেচ্ছাসেবী এবং ছাত্রীরা। কলেজ প্রাঙ্গণে একাধিক চারা রোপণ করা হয়। শুধু চারা লাগিয়েই কর্মসূচি শেষ হয়নি; রোপিত চারাগুলির নিয়মিত পরিচর্যারও অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা।

অধ্যক্ষ ড. সুজিত তেওয়ারি বলেন, পরিবেশ রক্ষা কোনও এক দিনের কর্মসূচি নয়, এটি প্রতিদিনের অভ্যাস ও দায়িত্ব। তাঁর কথায়, “একটি গাছ লাগানো মানে মানবতার ভবিষ্যতের জন্য বিনিয়োগ। শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ শুধু পাঠদান নয়, পরিবেশ-সচেতন নাগরিক তৈরি করাও তার বড় দায়িত্ব।” ছাত্রীদের টেকসই জীবনযাপন গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, কলেজের পড়ুয়ারাই সমাজে পরিবেশ-সচেতনতার দূত হয়ে উঠতে পারে।

উপাধ্যক্ষ ড. শান্তনু দাস এবং এন.এস.এস আহ্বায়ক ড. প্রতীতি সিংহ পরিবেশ সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পরীক্ষার মধ্যেও ছাত্রছাত্রীদের উপস্থিতি ও আগ্রহকে তাঁরা বিশেষভাবে প্রশংসা করেন। তাঁদের মতে, জলবায়ু পরিবর্তন, তাপপ্রবাহ, নগর দূষণ এবং সবুজ কমে যাওয়ার মতো বাস্তব চ্যালেঞ্জের সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলির দায়িত্ব আরও বেড়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker