Barak UpdatesHappeningsBreaking News
রবিবার বঙ্গভবনে বিবর্তনের ‘পেঁপেসেদ্ধ’, ৩৫ শিল্পীকে নিয়ে মঞ্চস্থ হবে নাটক ‘বাজে মাদল বাজে’

ওয়েটুবরাক, ১৩ নভেম্বর: রবিবার বঙ্গভবনে এ মাসের নাটকে এক জোড়া নতুন প্রযোজনা মঞ্চস্থ করছে বিবর্তন থিয়েটার গ্রুপ। সন্ধে ছ’টা থেকে শুরু হতে যাওয়া এই নাট্য সন্ধ্যায় দর্শকরা উপভোগ করবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে নাটক ‘পেঁপেসেদ্ধ’ এবং ইন্দ্রনীল দে-র লেখা ‘বাজে মাদল বাজে’। দু’টি নাটকেরই নির্দেশনায় রয়েছেন সায়ন বিশ্বাস।
নাটককার ইন্দ্রনীল দে-র লেখা ‘বাজে মাদল বাজে’ নাটকের পাণ্ডুলিপির এবার ২৫ বছর। ২০০০ সালে রচিত এই নাটক পরিবেশনার মধ্য দিয়েই বরাকের থিয়েটার-আঙিনায় অভিষেক ঘটেছিল পয়লাপুল রেস থিয়েটারের। রেসের এবার রৌপ্য জয়ন্তী, রৌপ্য জয়ন্তী ‘বাজে মাদল বাজে’ নাটকেরও। এরই মধ্যে নাটকটি ‘রেস’ বরাক উপত্যকা ও তার বাইরে বহুবার মঞ্চস্থ করে বহু প্রশংসা পেয়েছে। কিন্তু বিবর্তন নাটকটি নির্মাণ করছে নতুন আঙ্গিকে। নতুন ভাবনার ছোঁয়ায়। নির্দেশক সায়ন জানান, ‘নাচে গানে এই প্রোডাকশনে ৩৫ জনের মতো শিল্পী কাজ করছেন। নির্দিষ্ট একটি নাটকে বিবর্তনের এত বড় কাস্টিং অতীতে একসঙ্গে দেখা যায়নি।’ মিউজিক অ্যারেঞ্জমেন্টে নির্দেশক সায়ন ছাড়াও স্বর্ণদীপ দেব ও শোভন দাসের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন সিনিয়র মিউজিশিয়ান কানাইলাল দাস ও সেবায়ন রায়চৌধুরী। আলো পরিকল্পনায় রয়েছেন রূপরাজ দেব। মঞ্চ সজ্জায় অঙ্কন কংসবণিক, রূপসজ্জায় স্বপনকান্তি কর। কোরিওগ্রাফি ও বিন্যাসে রয়েছেন খোদ পরিচালক সায়ন। নৃত্য নির্দেশকের দায়িত্বে শুভ্রা দাস। এক ঘণ্টা পাঁচ মিনিটের এই প্রযোজনা নতুন স্বাদ দেবে দর্শকদের, আশা ব্যক্ত করেছেন বিবর্তনের সম্পাদক বিপ্লব দাস।
সেদিন বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির এই মাসিক নাট্য আসরে অন্য যে নাটক মঞ্চস্থ হবে, সেটি ‘পেঁপেসেদ্ধ’। শীর্ষেন্দুর একটি গল্পকে সরাসরি মঞ্চে তুলে এনেছেন বিবর্তনের শিল্পীরা। দুষ্টু-মিষ্টি গল্পের এই নাটক দর্শকদের আনন্দ দেবে, আশাবাদী বিবর্তন। এদিকে বিপ্লব দাস জানিয়েছেন, বিবর্তন থিয়েটারের এবার দশ বছর। আর রেস থিয়েটারের পঁচিশ। সিনিয়র একটি দলকে তাদের রৌপ্য জয়ন্তীতে সম্মান প্রদর্শন করতেই মূলত ‘বাজে মাদল বাজে’ নাটক মঞ্চস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযোজনাটি উৎসর্গ করা হবে রেস থিয়েটারের সদস্য তথা ‘বাজে মাদল বাজে’র অন্যতম কুশীলব প্রয়াত শ্যামল রায়কে। প্রসঙ্গত, শ্যামল রায়ের মৃত্যুর পর এই নাটকটি আর মঞ্চায়ন করেনি রেস। তবে শো মাস্ট গো অন মন্ত্রে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে দশ বছরের বিবর্তন থিয়েটার।
নাটক দুটি দেখার জন্য বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। তাঁরা জানিয়েছেন, রবিবার বিকেলে বঙ্গভবনের কাউন্টার থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।


