India & World UpdatesHappeningsBreaking News

মহারাষ্ট্র ভোটের ফলাফলে কারচুপির অভিযোগে ফের সোচ্চার রাহুল

ওয়েটুবরাক, ৯ জুন: মহারাষ্ট্র বিধানসভা ভোটের ফলাফলে কারচুপির অভিযোগে ফের সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, মহারাষ্ট্রে বিজেপির জয় আসলে ম্যাচ ফিক্সিং। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বিজেপির দাবি, বারবার ভোটে হারের হতাশা থেকেই তথ্যপ্রমাণ ছাড়া এধরনের অভিযোগ করছেন রাহুল। সভাপতি জে পি নাড্ডা বলেন, বিহার বিধানসভা নির্বাচনে হার নিশ্চিত বুঝেই মনগড়া গল্প ফাঁদছেন কংগ্রেস নেতা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও বলেন, এ ধরনের অভিযোগে রাজ্যের ভোটারদেরই অপমান করা হয়েছে।

নির্বাচন কমিশন এদিন রাহুলের অভিযোগকে আরও একবার খারিজ করে দিয়েছে। যদিও এই জবাব ঘিরে ফের কমিশনকে চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল। তিনি বলেন, কোনও সাংবিধানিক প্রতিষ্ঠান এভাবে দায়সারা জবাব দিয়ে গুরুতর প্রশ্ন এড়িয়ে যেতে পারে না।
এর আগে এদিন রাহুলের অভিযোগকে অর্থহীন আখ্যা দিয়ে কমিশন বলে, ভোটের সময় কোনও দল বা তাদের নিযুক্ত পোলিং এজেন্টরা অস্বাভাবিক ভোটদান নিয়ে কোনও গুরুতর অভিযোগ তোলেননি। ভোটার তালিকা নিয়েও অনিয়মের কোনও অভিযোগ করা হয়নি। কংগ্রেসকে এব্যাপারে সমস্ত তথ্য কমিশন দিয়েছে। তা কমিশনের ওয়েবসাইটেও রয়েছে। এই সমস্ত তথ্য উপেক্ষা করেই একই অভিযোগ বারবার তোলা হচ্ছে। ভোটে হেরে কমিশনের বদনাম করার চেষ্টাকে অযৌক্তিক আখ্যা দিয়েছে কমিশন।

এরপরই সংবাদসংস্থা কর্তৃক প্রকাশিত কমিশনের স্বাক্ষরহীন জবাব নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল। তিনি বলেছেন, কোনও কিছু লুকনোর না থাকলে কমিশন লোকসভা ও মহারাষ্ট্র সহ সমস্ত রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের একত্রিত, ডিজিটাল ও মেশিন রিডেবল ভোটার তালিকা প্রকাশ করছে না কেন? মহারাষ্ট্রের সমস্ত বুথে সন্ধ্যা পাঁচটার পরের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিও তুলেছেন রাহুল।
২০২৪ সালে মহারাষ্ট্র ভোটে বিজেপি রেকর্ড সাফল্য পায়। অন্যদিকে, কংগ্রেস-এনসিপি (শারদ পাওয়ার)-শিবসেনা (উদ্ধব)-কে নিয়ে গঠিত বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ির ভরাডুবি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker