Barak UpdatesAnalyticsBreaking News

এ বার শিলচরে উনিশের অনুষ্ঠানে যোগ দিচ্ছে অসম-বাংলা দুই সাহত্য সভা

গুয়াহাটি, ১৬ মে : বরাক উপত্যকার মাতৃভাষা রক্ষার সংগ্রামের বেদনাদায়ক রক্তঝরা স্মৃতিদিবস উনিশে মে-তে এবারে ভাষাশহিদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভায় অংশগ্রহণের জন্য শিলচরে যাচ্ছেন অসম সাহিত্য সভা ও বাংলা সাহিত্য সভার যৌথ প্রতিনিধিদল।‌ বিরল ও অভূতপূর্ব এক প্রীতি সৌহার্দ্যের বার্তাবহনকারী‌ সংযোগ রূপে এই ভ্রমণ চিহ্নিত হতে চলেছে। এবারে তিন দিনের বরাক সফরে যাচ্ছে অসম সাহিত্য সভা। এবং সেটা উনিশে মে উপলক্ষে। অসম সাহিত্য সভার তরফে সভাপতি ড. বসন্তকুমার গোস্বামী, উপসভাপতি পদুম রাজখোয়া, প্রধান সম্পাদক দেবজিৎ বরা সহ গোটা ব্রহ্মপুত্র উপত্যকা থেকে চৌদ্দজনের প্রতিনিধিদল উনিশে মে-র মূল কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

ব্রহ্মপুত্র উপত্যকা থেকে তাঁদের সঙ্গ দেবেন বাংলা সাহিত্য সভা, অসম-এর সভাপতি খগেনচন্দ্র দাস ও সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী।‌ মূল অনুষ্ঠানটি হবে শিলচর স্টেশন চত্বরে, যেখানে ১৯৬১-র ১৯ মে কমলা ভট্টাচার্য সহ মাতৃভাষা রক্ষায়‌ পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন একাদশ ভাষা সেনানী। পঙ্গু হয়েছিলেন অনেকে। মূল অনুষ্ঠানের আয়োজক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ রাজীব করের নেতৃত্বে দীর্ঘ দিন ধরে শিলচর স্টেশনটিকে “ভাষাশহিদ স্টেশন” নামে নামকরণ করার আন্দোলন চলছে। এবারে অসম সাহিত্য‌ সভার সর্বোচ্চ স্তরের প্রতিনিধিবর্গের উপস্থিতি এই দাবিকে আরও উজ্জীবিত করবে বলেই সচেতন মহল মনে করছে।

এই সফর সম্পর্কে বিস্তারিত জানান বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী। তিনি জানান, ১৭ তারিখ সকালে পৌঁছনোর পর শিলচর স্টেশন চত্বরে ভাষাশহিদ স্মারকস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন অসম সাহিত্য সভা ও বাংলা সাহিত্য‌ সভার প্রতিনিধিরা।‌ এরপর হাইলাকান্দি ও শ্রীভূমির উদ্দেশে যাত্রা করবেন অসম সাহিত্য সভার সভাপতি, সম্পাদক সহ প্রতিনিধিবর্গ।‌ বাংলা সাহিত্য সভার সভাপতি সম্পাদক অংশগ্রহণ করবেন ডেফোডিলস স্কুলের অনুষ্ঠানে।‌ বিকেলে রয়েছে সাংগঠনিক কার্যক্রম। ১৮ মে সকাল ১১টা থেকে অসম সাহিত্য সভার শিলচরে অনুষ্ঠিতব্য কার্যনির্বাহক সম্মেলনের জন্য অভ্যর্থনা সমিতি গঠন করা হবে। এতে শিলচরের সুশীল সমাজ ও বাংলা সাহিত্য সভারও অংশগ্রহণ থাকবে। সন্ধ্যায় “স্বদেশ চেতনা” নামে একটি অনুষ্ঠানও করার কথা।

উনিশে মে সকাল সাড়ে ছয়টায় শিলচর স্টেশনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এরপর ভাষা সেনানীদের শ্মশানে শ্রদ্ধাজ্ঞাপন। এদিন আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ভাষা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অসম সাহিত্য সভা ও বাংলা সাহিত্য‌ সভার সভাপতি সম্পাদক সহ প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বরুণজ্যোতি চৌধুরী জানান, এবারে অসমের দুটি সাহিত্যসভাকে একসঙ্গে আসাম বিশ্ববিদ্যালয়ে পাচ্ছি আমরা। এটা এক ঐতিহাসিক ঘটনা। ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ আসাম বিশ্ববিদ্যালয়ে উদযাপন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এ দিন। সেইসঙ্গে সাহিত্য সভার সভাপতি সম্পাদকদের সঙ্গে অন্তরঙ্গ আলাপনে অংশ নেবে বিদ্যার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও ছাত্র সংসদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।‌

উনিশে মে-র দ্বিপ্রহরে দুটো থেকে বাংলা সাহিত্য সভার কাছাড় জেলা সমিতির উদ্যোগে‌ ভাষাসেনানী স্মরণ অনুষ্ঠান। এই আয়োজনে মূল সহযোগিতা করবে কাছাড় কলেজ কর্তৃপক্ষ।‌ বাংলা সাহিত্য সভার কাছাড় জেলা সমিতির পক্ষে শতদল ভট্টাচার্য জানান, দুটি সাহিত্য সভার সভাপতি-সম্পাদক সহ বিশিষ্টজনেরা আলোচনায়‌ অংশগ্রহণ করবেন। উনিশে মে-র সন্ধ্যায় শিলচর স্টেশন-চত্বরে মূল অনুষ্ঠান। আয়োজক সমিতির পক্ষে ডাঃ রাজীব কর জানান, মূল মণ্ডপে “অসমে ভাষার বহুত্ব” বিষয়ে আলোকপাত করবেন অসম সাহিত্য সভার সভাপতি ড. বসন্তকুমার গোস্বামী। আর, ব্রহ্মপুত্র উপত্যকায়‌ উনিশের উত্তরাধিকার বিষয়ে আলোকপাত করবেন বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী।
সমস্ত কার্যসূচিতে শিলচরের সুশীল সমাজকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন ভাষাশহিদ স্টেশন দাবি সমিতির পক্ষে ডা. রাজীব কর ও বাংলা সাহিত্য সভার কাছাড় জেলা সমিতির সভাপতি নীহাররঞ্জন পাল এবং বাংলা সাহিত্য সভার রাজ্য সহকারী সাধারণ সম্পাদক সন্দীপন দত্ত পুরকায়স্থ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker