India & World UpdatesHappeningsBreaking News
শিলচরে বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির ১৮ সেপ্টেম্বর

ওয়েটুবরাক, ৫ সেপ্টেম্বর: শিলচর বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির হচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। ক্যাম্প বসছে টিটি কলেজ পার্শ্ববর্তী গ্র্যান্ড প্যালেসে। শুক্রবার জেলা আয়ুক্তের সভাকক্ষে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর পৌরোহিত্যে ও অতিরিক্ত জেলা আয়ুক্ত ড০ খালেদা সুলতানা আহমেদ, শাখা আধিকারিক দীপা দাস, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ শিবানন্দ রায়, এন এইচ এমের জেলা কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ সহ জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, এস আর এল এম, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে এক চুড়ান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যপক হারে ০-১৮ বছর বয়সের রোগাক্রান্ত শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য শিবিরে নিয়ে আসতে আহ্বান জানানো হয়। সভায় বিভিন্ন প্রতিষ্ঠান অঙ্গনওয়াড় ও সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বা এর বাইরে থাকা যেকোন রোগাক্রান্ত শিশুর তালিকা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বিভাগীয়দের কাছে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। এজন্য তাৎক্ষণিক যোগাযোগের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। এদিনের সভায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে যাতে এই স্বাস্থ্য শিবিরে যাতে একটি শিশুও বাদ না পড়ে এজন্য উপস্থিত সবার কাছে অনুরোধ রাখেন তিনি। যারা তৃণমুল স্তরে স্বাস্থ্য বিভাগে রয়েছেন তারা তো আছেই। তাদেরকে ছাড়া শিক্ষা বিভাগ ও অঙ্গনওয়াড়িতে লিপিবদ্ধ শিশুদের যাতে ভালোভাবে খতিয়ে দেখা হয় তাঁর জন্য সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে অনুরোধ জানান। তিনি তাঁর দলের বিভিন্ন শাখাকেও এব্যাপারে ব্যপক প্রচার চালানোর কাজে নিয়োজিত করবেন বলেও জানান। বিধায়ক দীপায়নবাবু বলেন, রাজ্যের দূরদর্শী মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে এই বিধানসভা ভিত্তিক স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেছেন। এটা কেবল সাধারণ মানের শিবিরও নয়। প্রায় ৫৯টি রোগের প্রথমে শনাক্তকরণ করা হবে। পরে ধাপে ধাপে রোগ অনুয়ায়ী উপযুক্ত স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হবে। চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনে জেলা তথা রাজ্যের বাইরে সরকারি খরচে চিকিৎসা সেবা প্রদান করা হবে। তাই, বিধায়ক সরকারের জনহিতৈষী এই সেবার সুযোগ নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর কথায়, কমেও এই শিবিরে তিন হাজার রোগীর উপস্থিতি টার্গেট রেখে প্রস্তুতি নিতে হবে। জেলার অতিরিক্ত আয়ুক্ত (স্বাস্থ্য) ড০ খালেদা সুলতানা আহমেদ জানান, শিবিরে শিলচর মেডিক্যাল কলেজ সহ জেলা হাসপাতাল থেকে পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হবে। তাছাড়া থাকবে অন্যান্য চিকিৎসক, প্যারা মেডিক্যাল স্টাফ, নার্স, টেকনিক্যাল স্টাফ ইত্যাদি। এমনকি বসানো হবে ল্যাবরেটরিও । যাতে সাধারণ মানুষ স্বাস্থ্য শিবির স্থলেই প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে পারেন।



