Barak UpdatesHappeningsBreaking News
পরিবেশ বিষয়ক গণশুনানিতে অধিকাংশ চান, ডলুতেই হোক বিমানবন্দর, হিমন্তের সন্তোষ

ওয়েটুবরাক, ২৩ জুনঃ ডলুতেই গ্রিনফিল্ড এয়ারপোর্ট চাইলেন পরিবেশ বিষয়ক গণশুনানিতে অংশগ্রহণকারী অধিকাংশ জনতা। কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব জানিয়েছেন, লিখিত মতামত বা বক্তব্য, উভয় ক্ষেত্রেই ৯৫ শতাংশ মতামত বিমানবন্দরের পক্ষে পড়েছে। বিরোধিতা হয়েছে মাত্র ৫ শতাংশ ক্ষেত্রে। তিনি জানান, বিরোধীদের মধ্যে অনেকে আবার বিমানবন্দর নির্মাণ নিয়ে আপত্তি করেননি। তাদের অভিযোগ, চুক্তি মেনে পুনর্বাসন প্রক্রিয়া হচ্ছে না। কেউ কেউ আরও বেশি ক্ষতিপূরণ দাবি করেন।
ডলুতে বিমানবন্দর নির্মাণের জন্য প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদ স্থান বদলে বনদুর্গা মন্দিরের সামনে গণশুনানি হবে বলে বিজ্ঞপ্তি জারির পরই উভয় পক্ষে তৎপরতা বৃদ্ধি পায়। প্রশাসনের পক্ষ থেকে আঁটঘাট বেঁধেই গণশুনানির দিকে পা বাড়ানো হয়। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল শুনানিস্থলে। খোদ ডিআইজি, এসপি সারাক্ষণ উপস্থিত থাকেন। ডলুতে বিমানবন্দরের বিরোধী যারা, এরাও গত কয়েকদিন বেশ হোমওয়ার্ক করে। কিন্তু এ দিন তাঁরা একেবারেই জুৎ করতে পারেননি। ৩০ লক্ষ চা চারাগাছ উপড়ে ফেলে নতুন বিমানবন্দর নির্মাণ করা নিয়ে বেশ হইচই হলেও সোমবার পরিবেশ বিষয়ক গণশুনানিতে অধিকাংশ মানুষ এর পক্ষেই মতামত জানিয়েছেন। জেলাশাসক যাদব বলেন, পুরো কার্যক্রম ভিডিয়ো রেকর্ডিং হয়েছে। এখন তা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। তারাই পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে সন্তোষ প্রকাশ করে লিখেন, বিমানবন্দর প্রকল্প বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে।



