NE UpdatesHappeningsBreaking News
চাপে জয়ন্তমল্ল, দুঃখপ্রকাশ করলেন সাংবাদিকদের কাছে

ওয়েটুবরাক, ২৯ জুনঃ চাপে পড়ে সাংবাদিকদের উদ্দেশে দুঃখপ্রকাশ করলেন অসমের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। বিবৃতি দিয়ে স্বীকার করলেন, তিনি না-বলার মতো কথা শুনিয়ে দিয়েছিলেন এক সাংবাদিককে।
তাঁর বাবা যে ২২ বছর একটি পত্রিকার স্থানীয় সংবাদদাতা ছিলেন, সে কথা টেনে তিনি বলেন, তাই সাংবাদিকদের প্রতি তাঁর শ্রদ্ধাবোধ ছোটবেলা থেকেই এবং তা আজও বর্তমান, আগামীতে থাকবে। মন্ত্রীপত্নীর ডেয়ারি ফার্মের মোটা অঙ্কের ভর্তুকি নিয়ে বিতর্ক দেখা দিলে ক্ষিপ্ত জয়ন্ত সংবাদপত্র ও বৈদ্যুতিন চ্যানেলের মালিকদের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আনেন। ওই সব “আন-কাট” পরিবেশনের জন্য তিনি বারবার সাংবাদিকদের চ্যালেঞ্জ জানাচ্ছিলেন। এর পরই নানা প্রশ্নে জর্জরিত হয়ে একসময় মন্ত্রী এক সাংবাদিকের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। এ নিয়ে নিজের দলের মধ্যেও তাঁকে চাপে পড়তে হয়।
রাজ্যের সমস্ত সাংবাদিক প্রতিবাদে মুখর হলে বিজেপির প্রদেশ সভাপতি সাংসদ দিলীপ শইকিয়া খোলামেলা বলেন, কোনও সাংবাদিকের উদ্দেশে এমন মন্তব্য করা কারও উচিত নয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে জয়ন্তের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন। এর পরই হিমন্তঘনিষ্ঠ মন্ত্রীর এই বিবৃতি। জয়ন্ত বলেন, সেদিন কোনও সাংবাদিককে তুচ্ছ করার মানসিকতায় তিনি কোনও কথা বলেননি। শুধু এক সাংবাদিক তাঁর মালিকের পক্ষ নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একের পর এক প্রশ্ন করতে থাকলে তিনি অতিষ্ঠ হয়ে না বলার মতো এক বাক্য বলে ফেলেন। তাঁর কথায়, “ওই বাক্যটি আমার বলা উচিত হয়নি। যদিও এক নির্দিষ্ট সাংবাদিকের উদ্দেশে কথাটি বলেছিলাম, কিন্তু তাতে সমগ্র সাংবাদিক সমাজ দুঃখ পেয়েছেন জানতে পেরে আমিও বড় আঘাত পেয়েছি। তাই সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে সকলের প্রতি অনুরোধ জানাই।”
সেইসঙ্গে ওই নির্দিষ্ট সংবাদগোষ্ঠীটির প্রতি অভিযোগ এনে জয়ন্ত বলেন, “আমার অনিচ্ছাকৃত ভুলের অছিলায় সংবাদগোষ্ঠীর মুখ্য সম্পাদক আমার ভাবমূর্তি নষ্টের জন্য উঠেপড়ে লেগেছেন।” তিনি এ ব্যাপারেও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন।


