India & World UpdatesHappeningsBreaking News
যশবন্ত সিং প্রয়াতFormer Union Minister Jaswant Singh passes away

২৭ সেপ্টেম্বর: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং প্রয়াত হয়েছেন৷ বয়স হয়েছিল ৮২ বছর।
২০১৪ সালের ৭ অগস্ট নিজের বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন বর্ষীয়ান নেতা। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনি গভীর কোমায় আচ্ছন্ন হন। চিকিৎসকদের অনেক চেষ্টাতেও এই অবস্থা থেকে তাঁকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। রবিবার সকালে তাঁর প্রয়াণ হয়।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বলেন, ‘দেশের মানুষের সেবায় নিয়োজিত ছিলেন এই মানুষটি। জীবনের প্রথম পর্বে একজন দেশপ্রেমিক জওয়ান হিসাবে এবং পরের দিকে একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবে অটলজি সরকারের সময়কালে দেশের অর্থ, প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেছেন। সর্বোপরি বিজেপি দলকে প্রতিষ্ঠা করতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে আমি গভীর শোকাহত’।
রবিবার সকালে এই নেতার মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তিনি জানিয়েছেন, ‘দেশের একজন গুরুত্ত্বপূর্ণ মন্ত্রী ও সাংসদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেতে সক্ষম হয়েছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং। দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেশকে নানাভাবে শত্রুপক্ষের হাত থেকে রক্ষা করেছেন। এই মহান মানুষের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত আমরা সকলেই’।




