India & World UpdatesHappeningsBreaking News
ওয়াকফ: এখনই নতুন সদস্য নিয়োগ ও সম্পত্তি ডি-নোটিফিকেশন করবে না কেন্দ্র

ওয়েটুবরাক, ১৮ এপ্রিল: ওয়াকফ (সংশোধন) আইন ২০২৫-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একাধিক মামলার শুনানি বুধবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে সাত দিনের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়েছে।
পরবর্তী শুনানির দিন ৫ মে ধার্য হয়েছে। ততদিন পর্যন্ত নতুন সদস্য নিয়োগ ও সম্পত্তি ডি-নোটিফিকেশন স্থগিত থাকবে বলে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন এবং আদালত তা নথিভুক্ত করেছে।
আবেদনকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন, সংশোধনীটি ভারতের সংবিধানের ২৬ অনুচ্ছেদের পরিপন্থী।
পরিচালন বোর্ডে আপাতত কোনও অ-মুসলিম সদস্যকে নিয়োগ করা হবে না বলে সুপ্রিম কোর্টকে আশ্বাস দিল কেন্দ্রীয় সরকার। ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে যে মামলাগুলি চলছে, তার পরবর্তী শুনানির আগে পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় হাত দেবে না কেন্দ্র। পাশাপাশি কোনও ওয়াকফ সম্পত্তিকে এখন নোটিফাই করা হবে না। আপাতত বিজ্ঞাপিত হচ্ছে না কোনও সম্পত্তিই।
মোট ১০টি আবেদন দায়ের হলেও আপাতত ৫টি মামলা শুনানির জন্য গ্রহণ করেছে আদালত।



