Barak UpdatesIndia & World UpdatesBreaking News
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত কবি রত্নদীপের ষষ্ঠ কাব্যগ্রন্থ ‘ঈশ্বরের পুনর্জন্ম’

ওয়ে টু বরাক, ১ ফেব্রুয়ারি : ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হল কবি-শিক্ষক-সাংবাদিক রত্নদীপ দেবের ষষ্ঠ কাব্যগ্রন্থ ‘ঈশ্বরের পুনর্জন্ম’। শনিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার মহাশ্বেতা দেবী প্রেক্ষাগৃহে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কবি রত্নদীপের কাব্যগ্রন্থটির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন বিশিষ্ট কবি-সাহিত্যক ড. সত্যপ্রিয় মুখোপাধ্যায় এবং চলচ্চিত্র পরিচালক-সাংবাদিক-সাহিত্যিক ঋতব্রত ভট্টাচার্য।
এ দিনের অনুষ্ঠানে ড. সত্যপ্রিয় মুখোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, প্রকাশক-কবি-লেখক-পুস্তক বিক্রেতার সমন্বয়ে সুস্থ সাহিত্য সভ্যতা এগিয়ে চলেছে। এক্ষেত্রে ভবিষ্যতে কোন গ্রন্থ কতটা উল্লেখযোগ্য হয়ে উঠবে, তা নির্ভর করে পাঠক কতটা গ্রহণ করলেন তার ওপর। তবে এরজন্য কবিতা লেখার মতো সৃজনশীল প্রক্রিয়াটিকে নিরন্তর চালু রাখতে হবে। আশা করছি কবি রত্নদীপের নতুন বই উল্লেখযোগ্য সমাদর পাবে পাঠক সমাজে।
সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য বলেন, প্রত্যেককেই নিজের সৃজনশীল শক্তিকে প্রকাশের আলোয় নিয়ে আসতে হবে। এটা কর্তব্য। তারপর মহাকাল-ই ঠিক করবে কোন গ্রন্থ কতটা সময়কে ছাপিয়ে গেল। একসময় নবারুণ ভট্টাচার্যের মতো লেখকেরও বই খুব কম বিক্রি হয়েছে। কিন্তু আজ নবারুণ লেখক থেকে মহালেখক হয়ে উঠেছেন। এমনকী মৃত্যুর পরই কবি জীবনানন্দ দাশ, কথাশিল্পী কমলকুমার মজুমদারের বই সমাদৃত হয়েছে বেশি। তাঁরা লেখক থেকে মহালেখক হয়েছেন মৃত্যুর পর। ফলে বই কখন কতটা বিক্রি হল, তার ওপর এর শ্রেষ্ঠত্ব নির্ভর করে না। কার গ্রন্থ, কার লেখা কখন কালজয়ী হয়ে উঠবে, তা নির্ধারণ করে এর স্বতন্ত্র সত্তার ওপর। আমার দৃঢ় বিশ্বাস, কবি রত্নদীপের নতুন কাব্যগ্রন্থ স্বতন্ত্রভাবে উজ্জ্বল হয়ে থাকবে।
সবশেষে নিজের লেখালেখির ভুবন নিয়ে নাতিদীর্ঘ বক্তব্য রাখেন কবি রত্নদীপ দেব। এ দিনের অনুষ্ঠানটির আয়োজক ছিল কলকাতার পুস্তক প্রকাশনী ‘নির্বাণ বুকস’। রত্নদীপের ‘ঈশ্বরের পুনর্জন্ম’ কাব্যগ্রন্থের প্রকাশকও ‘নির্বাণ বুকস’। বইটির প্রচ্ছদ তৈরি করেছেন শিল্পী সৌরভ দে। এই প্রকাশনীর মোট ১৭টি গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন হয় এ দিন। গোটা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ‘নির্বাণ বুকস’-এর সৌমিক বন্দ্যোপাধ্যায়।



