Barak UpdatesHappeningsBreaking News
পড়ুয়াদের স্বাস্থ্য সঠিক রাখতে কৃমিনাশক বড়ি গুরুত্বপূর্ণ: দীপায়ন

ওয়েটুবরাক, ১০ ফেব্রুয়ারি: স্কুলপড়ুয়াদের মুখে কৃমিনাশক ওষুধ অ্যালবেন্ডাজুল খাইয়ে কাছাড়ে জেলা পর্যায়ে রাষ্ট্রীয় কৃমিনাশক দিবস (ন্যাশনাল ডি-ওয়ার্মিং ডে)-র সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সোমবার তারাপুর গার্লস হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক চক্রবর্তী বলেন, আমাদের বাচ্চাদের জন্য ভালো স্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করার জন্য সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরমধ্যে জাতীয় কৃমিনাশক দিবসও একটি। প্রকৃতার্থে পড়ুয়াদের স্বাস্থ্য সঠিক রাখার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । বিশেষ করে মেয়েদের রক্তাপ্লতা দূরীকরণে অ্যালবেন্ডাজুল ট্যাবলেট নিয়মিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সবাইকে এই বড়ি গ্রহণে উদ্ধুদ্ধ করেন।
কৃমিনাশক ট্যাবলেট গ্রহণের প্রয়োজনীয়তা এবং এর সেবন বিষয়ে বিশদ বক্তব্য রাখেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ শিবানন্দ রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি দিনটি সূচনার উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা এন এইচ এম-র কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ। তিনি বলেন, আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং জেলার প্রতিটি স্কুলের প্রত্যেক পড়ুয়াকে এই দিনের মধ্যে ট্যাবলেট প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শিলচর শিক্ষাখন্ডের ব্লক রিসোর্স পার্সন (বি আর পি) নবারুণ চক্রবর্তী। তিনি বলেন, সরকার পড়ুয়াদের জন্য হেল্থ কার্ড প্রণয়ন করেছে। এজন্য স্বাস্থ্য বিভাগ কর্তৃক কর্মসূচিতে অংশগ্রহণ অতি জরুরি। অনুষ্ঠানে ধন্যবাদসুচক বক্তব্য রাখেন অনুষ্ঠান ব্যবস্থাপক তারাপুর গার্লস হাইস্কুল অধ্যক্ষা সুতপা চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সহকারী আয়ুক্ত জুনালী দেবী, ডিস্ট্রিক্ট কম্যুনিটি মোবিলাইজার উজ্জ্বল দাস, ডিএমই ড০ গুলবাহার রাজ, আরবান কো-অর্ডিনেটর ইন্দ্রজিৎ দে, শিলচর নগর স্বাস্থ্য আধিকারিক ডাঃ রুমেল আক্তার সহ আশাকর্মী ও ব্যবস্থাপক স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীরা। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন এন এইচ এম-র জেলা সংযোজক ইকবাল বাহার লস্কর।


