NE UpdatesHappeningsBreaking News
অসমে তিন জেলায় উচ্ছেদ অভিযান, ৬৩৮ হেক্টরের বেশি জমি দখলমুক্ত, জানালেন মুখ্যমন্ত্রী

ওয়েটুবরাক, ২০ অক্টোবর: অসমের তিন জেলায় উচ্ছেদ অভিযান চালিয়ে ৬৩৮ হেক্টরেরও বেশি জমি দখলমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গত কয়েক দিনে গোলাঘাট, হোজাই ও নগাঁও জেলায় এই অভিযান চালানো হয়েছে বলে তিনি জানান।
মুখ্যমন্ত্রী বলেন, তিন জেলায় বিপুল পরিমাণ জমি বেআইনিভাবে দখল করে রেখেছিলেন অনেকে। তাঁদের বিরুদ্ধে প্রশাসনের ‘রুদ্ররূপ’ দেখা গিয়েছে। অসমের স্বার্থ সুরক্ষিত রাখতে রাজ্য সরকার কাজ করে যাবে বলেও তিনি স্পষ্ট বার্তা দেন।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে তিন জেলায় সংরক্ষিত বনাঞ্চলের জমি থেকে অবৈধ দখলদারদের সরাতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় এক হাজার পরিবারকে সংশ্লিষ্ট সংরক্ষিত এলাকা থেকে উচ্ছেদ করা হয়েছে বলে সরকারি আধিকারিকরা জানিয়েছেন।
রাজ্যের জমি ও বনাঞ্চলকে অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।



