Barak UpdatesBreaking News
জাতীয় প্রেস দিবসে সম্মানিত জ্যোতিলাল চৌধুরীJyotilal Choudhury honoured on National Press Day

১৭ নভেম্বরঃ প্রবীণ সাংবাদিক জ্যোতিলাল চৌধুরীকে সম্মানিত করল করিমগঞ্জ প্রেস ক্লাব। সভাপতি, সম্পাদকের নেতৃত্বে বড়সড় এক সাংবাদিক দল শনিবার শিলচরে এসে তাঁকে সংবর্ধনা জানায়। শালচাদর পরিয়ে তাঁর হাতে তুলে দেন অভিজ্ঞানপত্র। সঙ্গে পুষ্পস্তবক, উপহার সামগ্রী। সংবর্ধনার জবাবে জ্যোতিলালবাবু বলেন, সময় বদলাচ্ছে, সমাজ বদলাচ্ছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের নিজেকে আধুনিকতর করে রাখতে হবে। সংবাদ পরিবেশনের আগে গভীরভাবে একে বিশ্লেষণ করতে হবে। নিজের মধ্যে গোটা বিষয়টি নিয়ে কাটাছেঁড়া করতে হবে। এর পরে লেখা শুরু করলে তা যথার্থ সংবাদ হয়ে উঠবে।
জাতীয় প্রেস দিবসের সরকারি অনুষ্ঠানে প্রকৃত সাংবাদিকদের সংবর্ধনার জন্য বাছাই করা হয়নি, এই অভিযোগ করে করিমগঞ্জ প্রেস ক্লাব শনিবার শিলচর বঙ্গভবনের অনুষ্ঠান বয়কট করে। এর বদলে ওই সময়ে তারা করিমগঞ্জ শহরে ট্রাফিক সচেতনতা অভিযান চালান। পরে নিজেদের বাছাই করা তিন জেলার তিন কৃতী সাংবাদিককে সংবর্ধনা জানান।




