Barak UpdatesHappeningsBreaking News
মিশ্র বাড়ির ৭৫তম দুর্গাপুজোয় রক্তদান শিবির, রক্ত দিলেন ২০ জন

ওয়ে টু বরাক, ১১ অক্টোবর : শহর বদলেছে। বদলেছে পুজোর আয়োজনও। এক সময় শিলচরে দুর্গাপুজো মানেই ছিল বনেদি বাড়ির উঠোন, ঢাকের শব্দ আর ধূপের গন্ধে ভরা পারিবারিক উৎসব। এখন সেই শহরের অলিগলি জুড়ে বারোয়ারি পুজোর বিস্তার। কোথাও থিমের চমক, কোথাও আলোর বাহার, কোথাও মণ্ডপ ঘিরে মানুষের ঢল। এরই মধ্যে তারাপুরের মিশ্র বাড়ির উঠোনে আয়োজিত হল ব্যতিক্রমী রক্তদান শিবির। এ বার মিশ্র বাড়ির পুজো পা দিচ্ছে ৭৫ বছরে।
১১ অক্টোবর সকাল ১১টা থেকে অনুষ্ঠিত শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। স্বাগত বক্তব্য রাখেন মিশ্র বাড়ির পূজার আহ্বায়ক তথা ফোরামের কাছাড় জেলা কমিটির সহসভাপতি রঞ্জিত মিশ্র। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দেবব্রত পাল, সব্যসাচী রুদ্রগুপ্ত, ভক্তি সেন তালুকদার, ডা. শবনম বাহার বড়ভুঁইয়া, নবেন্দু নাথ, ড. ইন্দ্রানী ভট্টাচার্য প্রমুখ।

এ দিন ছয় জন মহিলা সহ ২০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এ দিনের রক্তদাতারা হলেন বিনয় ভূষণ চক্রবর্তী, বিশ্বজিৎ দেব, সিদ্ধার্থ শংকর শর্মা, শুভ্রাংশু দে, অরুন্ধতী দেবনাথ, হিল্লোল চক্রবর্তী, প্রশান্ত ভট্টাচার্য, ড. ইন্দ্রানী ভট্টাচার্য, সাগর রবিদাস, অজিত সিনহা, সরস্বতী ভট্টাচার্য, দেবী রাজভর, বিজয় চন্দ, ইন্দ্রনাথ কুন্ডু, সিথিকান্ত চন্দ, অনুসূয়া চৌধুরী, অসীম রায়, অনুপমা চৌধুরী, রাতুল শুক্লবৈদ্য, দেবজিৎ ভট্টাচার্য।
প্রত্যেক রক্তদাতাকে মিশ্র বাড়ির পক্ষ থেকে উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক, ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে একটি সার্টিফিকেট এবং ব্লাড সেন্টারের পক্ষ থেকে একটি মেডেল এবং পৃথক সার্টিফিকেট দিয়ে অভিনন্দন জানানো হয়। স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করার জন্য কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে মিশ্র বাড়ির সদস্যদের হাতে একটি শংসাপত্র তুলে দেওয়া হয়।

শিবির চলাকালীন অনুষ্ঠানে যোগদান করেন শিলচর পুরনিগমের নবনির্বাচিত ২০নং ওয়ার্ডের কাউন্সিলর ভক্তি সেন তালুকদার। এ দিন রক্তদাতাদের উৎসাহ জোগাতে শিবিরে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কেন্দ্রীয় সহ-সম্পাদক অমল দাস, জেলা কমিটির কার্যকরী সভাপতি নবেন্দু নাথ, সর্বকনিষ্ঠ সদস্য সম্প্রীত নাথ, কার্যকরী সদস্য কাজল কর্মকার, মহিলা শাখার সভানেত্রী গৌরী দেবনাথ, কার্যকরী সদস্য দীপশিখা পাল চৌধুরী প্রমুখ। মিশ্র বাড়ির পক্ষ থেকে ব্লাড ডোনার্স ফোরাম এবং ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের প্রত্যেককে উত্তরীয় এবং শুভেচ্ছা স্মারক দিয়ে অভিনন্দন জানানো হয়।

এ দিন ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভূঁইয়ার নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয়। তাঁকে সহযোগিতা করেন কাউন্সিলর শান্ত সিংহ, টেকনিশিয়ান সাদিক আহমেদ, জিএনএম প্রিয়াঙ্কা সিনহা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত।
উল্লেখ্য, তারাপুর নরসিং রোডের (ভাণ্ডার গলি) মিশ্রবাড়ির পুজোর গল্প শুধু একটি পরিবারের ৭৫ বছরের ধর্মীয় আচার পালনের গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে শিলচরের পুরনো সামাজিক জীবন, পারিবারিক উত্তরাধিকার এবং বদলে যাওয়া শহরের মধ্যে একটি নিজস্ব ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা। মিশ্রবাড়ির পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য অবশ্য তার বয়স নয়, দেবীর রূপ। এখানে দুর্গা পূজিত হন ‘যোগমায়া’ রূপে, বৈষ্ণব মতে। আর দশভুজার দু’পাশে থাকেন দুই সখী- জয়া ও বিজয়া। নেই লক্ষ্মী, নেই সরস্বতী, কার্তিক বা গণেশ। ফলে প্রচলিত দুর্গাপ্রতিমার পরিচিত বিন্যাস থেকে প্রথম দর্শনেই আলাদা মিশ্রবাড়ির প্রতিমা।



