Barak UpdatesHappeningsBreaking News
সংকল্প পত্রে শিলচরকে আধুনিক, পরিচ্ছন্ন এবং কৃত্রিম বন্যামুক্ত স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি বিজেপির
ওয়েটুবরাক, ২৬ সেপ্টেম্বর: শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে সংকল্প পত্র প্রকাশ করল বিজেপি । শিলচরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং কৃত্রিম বন্যামুক্ত স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিল কেন্দ্র-রাজ্যের শাসক দল। শুক্রবার শিলচর বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেপির অসম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া আনুষ্ঠানিকভাবে এই সংকল্প পত্র উন্মোচন করেন। ‘উন্নত শিলচর – সমৃদ্ধ আসাম’ এই সঙ্কল্পকে সামনে রেখে তাতে শিলচর শহরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং জমাজল মুক্ত শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সংকল্প পত্রের উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলো হলো : জল নিষ্কাশন ও কৃত্রিম বন্যা মুক্ত শিলচর, বিশুদ্ধ পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান, পরিচ্ছন্ন শিলচর আবর্জনামুক্ত শহর, প্রতিটি ওয়ার্ডে উন্নত রাস্তা, যানজটমুক্ত শহর ও স্ট্রিট লাইট, বর্জ্য ব্যবস্থাপনা ও শহরকে পরিচ্ছন্ন রাখার বিশেষ উদ্যোগ, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, বাজার ও ব্যবসায়ী কল্যাণ, পার্ক, খেলার মাঠ ও পরিবেশ, নাগরিক পরিষেবা ও দুর্নীতি মুক্ত পুর নিগম, যুব কল্যাণ, প্রবীণ নাগরিক কল্যাণও মহিলা উদ্যোগ ও সাংস্কৃতিক চর্চা, এক শহর এক ডিজিটাল প্ল্যাটফর্ম ও আধুনিক ও পরিবেশ বান্ধব পুর পরিষেবার বিশেষ সুবিধা।
সংকল্প পত্র উন্মোচন করে দিলীপ শইকিয়া বলেন, ‘উন্নত শিলচর – সমৃদ্ধ আসাম ‘ এই তাঁদের মূল সঙ্কল্প । একে সামনে রেখেই একটি উন্নত পুর নিগম গড়ার সংকল্প গ্রহণ করেছে বিজেপি। তাঁর কথায়, “বরাক উপত্যকার প্রাণকেন্দ্র ও অসমের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচর। ৪২টি ওয়ার্ড এবং ৩ লক্ষেরও বেশি মানুষের সমন্বয়ে গঠিত এই শহরকে বিজেপি সরকার ২০২২ সালে পুর নিগমে উন্নীত করে। পরবর্তীকালে নানা আইনি জটিলতার কারণে এই নতুন নিগমের নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হয়নি। তাই অসম সরকারের প্রস্তাব অনুযায়ী নির্বাচন কমিশন আগামী ৩ অক্টোবর শিলচর পৌরনিগমের নির্বাচন অনুষ্ঠিত করে জনগণের হাতে এই শহরের সৌন্দর্যবর্ধন ও সর্বাঙ্গীণ উন্নয়নের দায়িত্ব শহরবাসীর দ্বারা নির্বাচিত পৌর কর্তৃপক্ষের কাছে অর্পণের সিদ্ধান্ত নিয়েছে।” তিনি আরও বলেন, পুর নির্বাচনকে সামনে রেখে কিছু পরিকল্পনা সংকল্প পত্রে তুলে ধরা হয়েছে। এই পরিকল্পনাগুলিই হবে আগামী দিনের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উন্নয়নের রোডম্যাপ I
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির আদর্শ “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস” -কে সামনে রেখে এবং মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে “বিকশিত অসম, বিকশিত বরাকের” স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে বিজেপি অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেন। তাঁর বক্তব্য, “স্বচ্ছ, সুন্দর, উন্নত ও সুরক্ষিত” শিলচর গড়ার লক্ষ্যে এবারের পৌর নির্বাচন হবে প্রথম পদক্ষেপ। শিক্ষা ও সংস্কৃতির শহর শিলচরের স্বচ্ছতা, সৌন্দর্য ও উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের। শহরবাসীর আশা-আকাঙক্ষা পূরণে ভারতীয় জনতা পার্টি সর্বতোভাবে সচেষ্ট থাকবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিন মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া, কৌশিক রাই ও কৃষ্ণেন্দু পাল এবং সাংসদ কণাদ পুরকায়স্থ। তাঁরাও বলেন, এটি শুধু একটি ইস্তেহার নয়, এটি শিলচরবাসীর প্রতি বিজেপির অঙ্গীকার। পৌর নিগমে বিজেপি বোর্ড গঠন করার পর এই সংকল্প পত্রের প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করা হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন আরও দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও সুস্মিতা দেব, চার বিধায়ক ডাঃ রাজদীপ রায়, বিজয় মালাকার, কমলাক্ষ দে পুরকায়স্থ ও মিলন দাস, তিন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, দীপায়ন চক্রবর্তী ও নীহার রঞ্জন দাস এবং সভাপতি রূপম সাহা।

