India & World UpdatesHappeningsBreaking News
ডাবরের একাধিক খাদ্যপণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা

ওয়েটুবরাক, ৫ আগস্ট: ডাবর ইন্ডিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল এফএসএসএআই । বিভ্রান্তিকর লেবেলিং এবং বিজ্ঞাপনের অভিযোগে ডাবরকে তাদের মধু, গরুর ঘি, নারকেলের জল-সহ একাধিক নির্দিষ্ট খাদ্যপণ্যের বিক্রি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফুড সেফটি কর্তৃপক্ষের অভিযোগ, ডাবরের বিভিন্ন পণ্যের গায়ে ‘১০০% বিশুদ্ধ’, ‘১০০% প্রাকৃতিক’ বা ‘১০০% অর্গানিক’-এর মতো যে দাবিগুলি করা হয়েছে, বাস্তবে তা যাচাই করা সম্ভব নয় এবং এটি পরোক্ষভাবে ক্রেতাদের ভুল পথে চালিত করছে।
এফএসএসএআই-এর নিষেধাজ্ঞার তালিকায় থাকা ডাবরের পণ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মধু, গরুর দুধ থেকে তৈরি ঘি, অ্যাপল সিডার ভিনিগার, ভার্জিন কোকোনাট অয়েল, তিলের তেল, নারকেলের জল এবং নারকেলের দুধ। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ২০১৮ সালের খাদ্য নিরাপত্তা ও বিজ্ঞাপন বিধিমালা লঙ্ঘন করে ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপল সিডার ভিনিগার এবং ডাবর অর্গানিক মধুর প্যাকেটে বৈধ অর্গানিক সার্টিফিকেশন বা অনুমোদন ছাড়াই ‘জৈবিক ভারত’ লোগো ব্যবহার করেছে।
এছাড়া ডাবর হোমমেড কোকোনাট মিল্ক একটি যৌগিক খাদ্যপণ্য হওয়া সত্ত্বেও নিয়মের তোয়াক্কা না করে তাতে ‘১০০% বিশুদ্ধ’ দাবি করা হয়েছে।

