Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে বিজেপি অফিসে সুস্মিতাকে উষ্ণ অভ্যর্থনা

ওয়েটুবরাক, ১৮ জুলাই: কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আজ শনিবার পশ্চিমবঙ্গ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত  সুস্মিতা দেবকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়,  শিলচরের বিধায়ক ডা. রাজদীপ রায়, লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার, দুই প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং নীহার রঞ্জন দাস প্রমুখ।

সংবর্ধনার জবাবে সাংসদ দেব বলেন, ২০২১ সালে যখন কংগ্রেস ছেড়েছিলাম, তখনই আমার উচিত ছিল বিজেপিতে যোগ দেওয়া। তৃণমূল কংগ্রেসে গিয়ে কাজ করার যথেষ্ট চেষ্টা করেছিলাম, লাভ হয়নি। এই সময় এবং শ্রমটা বরং বিজেপিতে দিলে ভালো হতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করেন সুস্মিতা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে রাজনৈতিক গুরু বলে উল্লেখ করে সন্তোষতনয়া বলেন, দেশ জুড়ে তাঁর যে প্রশ্নাতীত জনপ্রিয়তা, তা অস্বীকার করার উপায় নেই।

দুইবারের তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসকে তুলোধুনো করতেও ছাড়েননি। বলেন, “আমি কাছে থেকে দেখেছি, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা নেতা-নেত্রীরা কতটা দুর্নীতিগ্রস্ত হতে পারেন!”

মন্ত্রী কৌশিক রাই তাঁকে বরাক উপত্যকার জন্যও কাজ করতে পরামর্শ দেন। তিনি বলেন, একযোগে সবাই মিলে কাজ করতে পারলে বরাক উপত্যকার উন্নয়ন সুনিশ্চিত।

জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন, সুস্মিতা দেব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে আরও উল্লেখযোগ্য অবদান রাখবেন। তিনি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সাংসদ কণাদ পুরকায়স্থ আশা ব্যক্ত করেন, সুস্মিতার যোগদানে বিজেপি অধিকতর শক্তিশালী হয়ে উঠবে।

সুস্মিতা দেবের পরিবারের রাজনৈতিক ঐতিহ্যের কথা টেনে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, তিনিও পুরপ্রধান, বিধায়ক হয়ে দফায় দফায় সাংসদ হয়েছেন। অবশ্যই তিনি দলকে এগিয়ে নিয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker