India & World UpdatesAnalyticsBreaking News
তিন মাসের মধ্যে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

নতুনদিল্লি, ৭ জুন : দেশে আবারও বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের দাম। তিন মাসের মধ্যে দ্বিতীয়বার এলপিজির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ পড়েছে। এবার প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা করে বাড়ানো হয়েছে। ঘরোয়া রান্নার গ্যাসের প্রতিটি সিলিন্ডারের মূল্য ২৯ টাকা বৃদ্ধি করা হয়েছে। আজ অর্থাৎ ৭ জুন রবিবার থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে দিল্লিতে ১৪.২ কেজি ওজনের গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে ৯৪২ টাকা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ মার্চ তেল সংস্থাগুলি প্রতি সিলিন্ডারে ৬০ টাকা মূল্যবৃদ্ধি করেছিল। তার পর ফের এলপিজির দাম বাড়ানো হলো। পশ্চিম এশিয়ায় বর্তমান সংঘাতের কারণে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়াকেই এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এদিকে, বৃহস্পতিবার বক্তব্য রাখতে গিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা জানান, ঘরোয়া উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নিশ্চিত করার মাধ্যমে এলপিজির পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের ‘আন্ডার-রিকভারি’ (উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য) এখনও প্রায় ৭০০ টাকার কাছাকাছি রয়েছে। সুজাতা শর্মা আরও জানান, সাম্প্রতিক সময়ে এলপিজির চাহিদা কিছুটা কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে ব্যবহার কমে যাওয়া, বুকিং চক্রের উন্নতি এবং প্রযুক্তিনির্ভর ডেলিভারি যাচাইকরণ ব্যবস্থা উল্লেখযোগ্য। তিনি বলেন, বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে এলপিজির ব্যবহার হ্রাস পাওয়ায় চাহিদা কমেছে। দ্বিতীয়ত, ২৫ দিন ও ৪৫ দিনের বুকিং চক্র কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। তৃতীয়ত, ডিএসি (ডেলিভারি অথেন্টিকেশন কোড) ভিত্তিক সরবরাহ ব্যবস্থাও এই পরিবর্তনের একটি কারণ।

