Barak UpdatesHappeningsBreaking News
কাটিগড়ায় বেঞ্চ থেকে পড়ে শ্রেণিকক্ষেই শিশুর মৃত্যু
ওয়েটুবরাক, ৭ মে : কাটিগড়ার এক বেসরকারি স্কুলে আজ বৃহস্পতিবার এক মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। টিফিন বিরতির সময় শ্রেণিকক্ষের ভিতরেই পাঁচ বছরের ছাত্রের মৃত্যু হয়েছে।
মৃত সাকিব আলম হোলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের কেজি-ওয়ান পড়ুয়া ছিল। অন্যান্য দিনের মতোই সাকিব আজ ক্লাসে উপস্থিত ছিল। টিফিন বিরতিতে খাওয়া সেরে টিফিন বক্স গুছিয়ে রাখে। পরে জলের বোতলের মুখ বা এই ধরনের একটি জিনিস মুখে পুরে রাখে। আচমকা সেটি গলায় বিঁধে যায়। আঙুল মুখে পুরে সেটি উগড়ে আনতে চায়, কিন্তু পারেনি। পরে সে হঠাৎ বেঞ্চ থেকে নীচে পড়ে যায়। স্কুলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, অন্য এক ছাত্র শিক্ষিকাকে বিষয়টি জানানোর চেষ্টা করলেও তিনি গুরুত্ব দেননি।
পরে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

কাছাড়ের জেলাশাসক জেলা কমিশনার আয়ুষ গর্গ জানান, ঘটনাটির সরকারি তদন্ত শুরু হয়েছে। স্কুল পরিদর্শককে বিষয়টি তদন্ত করে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সার্কেল অফিসারকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য।
স্কুল পরিদর্শক মিঠুন জহুরি জানান, একটি প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছে এবং বর্তমানে বিস্তারিত তদন্ত চলছে।



