NE UpdatesHappeningsBreaking News
ডিমা হাসাওয়ে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময়, মৃত ৩ এনএসসিএন ক্যাডার

হাফলং, ২৯ এপ্রিল : মঙ্গলবার ডিমা হাসাও জেলায় অসম পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে তিনজন সন্দেহভাজন এনএসসিএন ক্যাডার প্রাণ হারিয়েছে। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। জানা গেছে, হাফলং থানার অধীন দিহামলাই এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। অসম পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এন কুবিন ও হেরাকিলোর মধ্যে থাকা দিহামলাই এলাকায় নাগাল্যান্ড থেকে আসা এনএসসিএন জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অসম পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর একটি যৌথ দল ওই এলাকায় অভিযান শুরু করে। এদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জঙ্গি প্রাণ হারায়।
এ দিকে, ডিমা হাসাও জেলার পুলিশ সুপার মায়াংক কুমার এই সংঘর্ষের ঘটনা স্বীকার করেছেন। তিনি জানান, এখনও এই অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। তবে প্রত্যন্ত অঞ্চল হওয়ার জন্য এখনও বিস্তৃত তথ্য হাতে আসেনি। পুলিশের অন্য এক আধিকারিক জানান, ঘটনাস্থল থেকে দুটি একে ৪৭ রাইফেল, একটি পিস্তল ও একটি কার্তুজ উদ্ধার করেছে জওয়ানরা। জানা গেছে, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিরাপত্তা রক্ষী জখম হয়েছেন। এদের হাফলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



