Barak UpdatesHappeningsBreaking News
কর্মচারী নেতা অনুপ ভট্টাচার্য প্রয়াত

ওয়েটুবরাক, ৬ এপ্রিল: পিএইচই ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি, শ্রীভূমি লঙ্গাই রোডের বাসিন্দা অনুপ ভট্টাচার্য আর নেই। রবিবার দুপুরে তাঁর মৃত্যু ঘটে। বয়স হয়েছিল ৬৯ বছর।
অনুপবাবু কিছুদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি বনতি ঘটায় কয়েক দিন আগে তাঁকে শিলচরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেখে গেছেন পত্নী, দুই ভাই ও এক বোন সহ অন্যান্য পরিজনদের। সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য তাঁর অনুজ।
জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের কর্মী ও কর্মচারী নেতা অনুপ ভট্টাচার্য ছিলেন অসম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কার্যকরী সদস্যও। রবিবার শিলচর শ্মশানঘাটে উপস্থিত হয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের কর্মচারী সংস্থার কর্মকর্তা বিশ্বজিৎ পালচৌধুরী, শঙ্কর দেব, বিশ্বজিৎ দাস, মুসলেউদ্দিন বড়ভুইয়া, গিয়াসউদ্দিন খান, সুপ্তা দাস প্রমুখ। সাংবাদিকদের অনেকে সে সময় উপস্থিত থেকে অনুপ ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানান। তাঁরা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



