Barak UpdatesHappeningsBreaking News
বাদেজমা সালেপুর এম.ই স্কুলে “মেনস্ট্রুয়েল হাইজিন মেনেজমেন্ট” ডে উদযাপিত

ওয়েটুবরাক, ৩০ মে : পাথারকান্দি প্রাথমিক শিক্ষাখণ্ডের বাদেজমা সালেপুর এম.ই স্কুলে গুরুত্ব সহকারে “মেনস্ট্রুয়েল হাইজিন মেনেজমেন্ট ” ডে পালিত হয়। গত বুধবার স্কুল প্রাঙ্গণে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। প্রারম্ভিক বক্তব্যে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দেব বলেন, মেয়েদের মাসিক ঋতুচক্র শুরু হয় বয়ঃসন্ধি কাল অর্থাৎ ১০- ১২ বছর থেকে । মাসিক ঋতুচক্র ২৪ থেকে ৩০ দিনে একবার হয়। এবং ঋতুচক্র ৪৫ থেকে ৫০ বৎসর বয়সে বন্ধ হয়ে যায় যাহাকে রজোনিবৃত্তি (মেনোপোজ) বলে। তিনি ছাত্রীদেরকে উদ্দেশ্য করে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ধর্মীয় বিধিনিষেধের কথা উল্লেখ করেন । তিনি বলেন, মা সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী, ঋতুচক্রের সময় মেয়েদেরকে রান্না ঘরে যেতে না দেওয়া ইত্যাদি হল কিছু অযৌক্তিক, অবৈজ্ঞানিক ভ্রান্ত ধারণা। তিনি ছাত্রীদেরকে এই ব্যাপার গুলো বিজ্ঞানমনস্কতা নিয়ে মোকাবিলা করার অনুরোধ জানান। তিনি ছাত্রীদেরকে ঋতুচক্র চলাকালীন সময়ে অধিক পরিস্কার -পরিচ্ছন্নতা বজায় রাখতে , অধিক স্বাস্থ্য সচেতন হতে আহ্বান জানান। তিনি আরও বলেন, কোনও কোনও ক্ষেত্রে শুরুতে ঋতুচক্র অনিয়মিত হতে পারে তবে পরবর্তীতে সেটা নিয়মিত হয়ে যায়। সবশেষে এ এবছরের থিম ” টুগেদার উইথ পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ল্ড ” এর উল্লেখ করেন।
এদিনের আরেক বক্তা স্থানীয় আশা কর্মী আনোয়ারা বেগম বলেন, ঋতুচক্রের সময় মেয়েদেরকে অবশ্যই ঘরোয়া কাপড়ের পরিবর্তে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে এবং একটি ন্যাপকিন শুধু একবারই ব্যবহৃত হবে । ফলস্বরূপ মেয়েরা যোনি সংক্রমণের হাত থেকে অনেকাংশে রক্ষা পাবে। পরবর্তী বক্তা স্কুলের হিন্দি শিক্ষিকা শবনম হায়াত বলেন, পিরিয়ড চলাকালীন সময়ে মেয়েদের গরম জল পান করা খুবই উপকারী এবং ওই সময় অতিরিক্ত পরিশ্রমের কাজ না করাই শ্রেয়। তিনি ছাত্রীদেরকে উদ্দেশ্য করে বিদ্যালয়েও এ সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে শিক্ষিকাদের খোলাখুলি ভাবে জানতে অনুরোধ জানান। সবশেষে উপস্থিত সকল ছাত্রীদের মধ্যে সরকার প্রদত্ত বিনামূল্যের স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি আফতাব আলী, অন্যান্য সদস্য-সদস্যা ও প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।



