India & World UpdatesHappeningsBreaking News
৫ মাস পরে জামিন পেলেন চিন্ময় প্রভু

ওয়েটুবরাক ৩০ এপ্রিল: রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতারির পাঁচ মাস পরে অবশেষে জামিন পেলেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস তথা চিন্ময় প্রভু। হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান এবং বিচারপতি আলি রেজার বেঞ্চ তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেছে। যদিও আদৌও তাঁকে আজ জেল থেকে মুক্তি দেওয়া হবে কিনা, তা নিয়ে আশঙ্কা রয়েছে। কারণ পরপর কয়েকদিন ছুটি বাংলাদেশে। তারই মধ্যে একাংশের ধারণা, হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে মামলাও করতে পারে ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সরকারিভাবে অবশ্য বিষয়টি নিয়ে এখনও কিছু জানানো হয়নি।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত বছর ২৫ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গ্রেফতার করা হয়েছিল চিন্ময় প্রভুকে। তারপর থেকে বিনা বিচারে তাঁকে জেলে বন্দি রাখা হয়।
এক বিএনপি নেতার দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হলেও অভিযোগ, হিন্দু হওয়ায় সন্ন্যাসীকে ফাঁসানো হচ্ছে। আর তা নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। এমনকী ভারত সরকারের তরফেও কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়। প্রচণ্ড ক্ষোভ দেখা দেয় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের মধ্যে।



