Barak UpdatesHappeningsBreaking News
২৬ এপ্রিল শহিদ মঙ্গল পাণ্ডের স্মরণে অনুষ্ঠান শিলচরে

ওয়েটুবরাক, ১২ এপ্রিল: ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রদূত বীর শহিদ মঙ্গল পাণ্ডের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে আগামী ২৬ এপ্রিল শিলচরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষে আজ শহরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তাতে সভাপতিত্ব করেন জ্যোতিষ আচার্য পণ্ডিত রামেশ্বর শাস্ত্রী। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, অনুষ্ঠানটি শিলচরের উইমেন্স কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সেখানে মঙ্গল পাণ্ডের জীবন, তাঁর আত্মত্যাগ এবং ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রামে তাঁর ঐতিহাসিক অবদান নিয়ে বিশদ আলোচনা করা হবে। পাশাপাশি, বরাক উপত্যকার বিশিষ্ট সমাজসেবীদের সম্মাননা প্রদানের পরিকল্পনাও গৃহীত হয়েছে।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দায়িত্বও বণ্টন করা হয়। রাজন কুঁওয়ারকে অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক, শিবকুমার ও প্রমোদ শাহকে সহ-সমন্বয়ক এবং রাহুল নুনিয়াকে আয়-ব্যয় পরিদর্শক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এই প্রসঙ্গে বীর শহিদ মঙ্গল পাণ্ডে স্মৃতি ন্যাসের চেয়ারম্যান কমলেশ সিং সকল কর্মী ও শুভানুধ্যায়ীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানান।
এদিনের সভায় উপস্থিত ছিলেন ন্যাসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার, রামনারায়ণ নুনিয়া, ভোলানাথ যাদব, সুতপা চক্রবর্তী, সীমা কুমার, দ্বারকা প্রসাদ, জওহরলাল পাণ্ডে, বিক্রম সিং প্রমুখ।



