NE UpdatesHappeningsBreaking News

২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে বিদেশি অতিথিদের তথ্য জানানোর নির্দেশ মিজোরাম সরকারের

ওয়েটুবরাক, ১৯ সেপ্টেম্বর: মিজোরাম সরকার রাজ্যের হোটেল, হোমস্টে, গেস্ট হাউস এবং অন্যান্য আবাসন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে বিদেশি নাগরিকদের থাকার তথ্য জানানোর ক্ষেত্রে নতুন বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে। এই নির্দেশিকা জারি করা হয়েছে Immigration and Foreigners Act, 2025-এর অধীনে বিদেশিদের তথ্য রিপোর্ট করার নতুন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে।

গত ১২ সেপ্টেম্বর Protected Area Permit (PAP) এবং নতুন অভিবাসন আইন বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিত বৈঠকের পর নির্দেশিকা জারি করা হয় যে,  কোনও আবাসন প্রতিষ্ঠানে বিদেশি নাগরিক থাকলে তাঁদের নির্ধারিত তথ্য সংরক্ষণ ও রিপোর্ট করা আইনত বাধ্যতামূলক। এর আওতায় Overseas Citizen of India (OCI) কার্ডধারীরাও পড়বেন।

Immigration and Foreigners Act, 2025-এর ৮ নম্বর ধারা এবং Immigration and Foreigners Rules, 2025-এর ১৭ নম্বর বিধি অনুযায়ী, হোটেল-সহ সমস্ত আবাসন পরিষেবা প্রদানকারীকে বিদেশি অতিথিদের তথ্য বৈদ্যুতিন মাধ্যমে Form III-তে জমা দিতে হবে। নতুন Form III আগের Form C-এর পরিবর্তে চালু হয়েছে।

এই নিয়ম শুধু হোটেল বা গেস্ট হাউসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। হোমস্টে, হস্টেল, ভাড়া বাড়ি, পেয়িং গেস্ট হাউস, সরাইখানা, মোটেল, ক্লাব, রেস্ট হাউস, ধর্মীয় প্রতিষ্ঠান, ট্রাস্ট এবং একই ধরনের অন্যান্য আবাসন ব্যবস্থাও এর আওতায় রয়েছে।

বিদেশি নাগরিক কোনও প্রতিষ্ঠানে পৌঁছনোর ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে Registration Officer-এর কাছে তাঁর যাবতীয় তথ্য Form III-তে জমা দিতে হবে। একইভাবে, ওই অতিথি প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেও তাঁর প্রস্থানের তথ্য অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক।

সরকার আবাসন প্রতিষ্ঠানগুলিকে Form III পোর্টালের জন্য প্রয়োজনীয় ইউজার আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং বিদেশি অতিথিদের তথ্য রিপোর্ট করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে ওই লগইন সংক্রান্ত তথ্য সহজলভ্য রাখতে বলেছে। যে প্রতিষ্ঠানগুলি এখনও পোর্টালে নিজেদের নিবন্ধন করেনি, তাদের দ্রুত নিবন্ধন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, এই আইন ও সংশ্লিষ্ট বিধি মেনে না চললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। আইনের ৮ নম্বর ধারা এবং ১৭ নম্বর বিধি লঙ্ঘন করে তথ্য জমা না দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে Immigration and Foreigners Act-এর ২৫ নম্বর ধারায় প্রতি ক্ষেত্রে ৫০ হাজার টাকা কম্পাউন্ডিং অ্যামাউন্ট নির্ধারিত রয়েছে।

মিজোরামের সমস্ত হোটেল, হোমস্টে, গেস্ট হাউস এবং অন্যান্য আবাসন প্রতিষ্ঠানকে বিদেশি নাগরিকদের তথ্য রিপোর্ট সংক্রান্ত এই বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker