NE UpdatesHappeningsBreaking News
হিমন্ত বিশ্বের মন্তব্যে চরম বিড়ম্বনায় দিল্লি

ওয়েটুবরাক, ২ মে : অবৈধ বাংলাদেশিদের সেদেশে রাতের অন্ধকারে পুশব্যাক করার কথা বলেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই বিতর্কিত মন্তব্যের জেরে ভারত কূটনৈতিক জটিলতায় পড়েছে। বৃহস্পতিবার ঢাকা একে “অবমাননাকর” বলে অভিহিত করেছে। এই বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ জানায়। কয়েক মাসের বৈরিতার পর তারেক রহমানের নেতৃত্বে ভারত ও বাংলাদেশ যখন তাদের সম্পর্ক নতুন করে সাজাচ্ছে, ঠিক তখনই এই ঘটনা ঘটল।
হিমন্তের কথায়, “আমি যদি তাদের সরকারিভাবে ফেরৎ পাঠাতে চাই, তবে আমাকে বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হতে হবে। এরপর বিদেশ মন্ত্রক সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশে পাঠাবে। এরপর সম্পূর্ণভাবে বাংলাদেশের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে যে, তারা কাদের ফেরৎ নিতে চায়।”

এর পরিবর্তে হিমন্ত জানান যে, যেসব এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-র উপস্থিতি নেই, সেসব জায়গায় রাতের অন্ধকারে ওই ব্যক্তিদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, সরকারি নথিপত্রে ১,৪০০ জন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে “পুশ-ব্যাক” করা হয়েছে বলে উল্লেখ থাকলেও, প্রকৃত সংখ্যাটি কয়েক হাজার হতে পারে।
এরপর তিনি ব্যাখ্যা করেন যে, কীভাবে অবৈধ বাংলাদেশিদের “পুশ-ব্যাক প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।
মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, “আমরা তাঁদের সীমান্তের কাছাকাছি সুবিধাজনক কোনও স্থানে নিয়ে যাই এবং আক্ষরিক অর্থেই তাঁদের সীমান্ত পেরিয়ে ওপারে ‘ধাক্কা দিয়ে’ পাঠিয়ে দিই। বর্তমানে অসমে এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে যে, বেশ কিছু অবৈধ বাংলাদেশি এখন স্বতঃপ্রণোদিত হয়েই নিজ দেশে ফিরে যেতে শুরু করেছেন।”
তবে ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
