NE UpdatesAnalytics
হিমন্তের শপথে সোমবার রাতেই আসছেন প্রধানমন্ত্রী, গুয়াহাটিতে পা রেখেছেন একাধিক মুখ্যমন্ত্রীও
গুয়াহাটি ১১ মে : তৃতীয়বারের মতো সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। অন্যদিকে, দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত হিমন্তবিশ্ব শর্মা। রবিবার বিজেপি তথা এনডিএ বিধায়ক দলের নেতা নির্বাচন এবং রাজ্যপালের অনুমোদনের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ১২ মে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্তবিশ্ব শর্মা ও তাঁর মন্ত্রিসভা শপথ নেবেন। তবে মঙ্গলবার সম্পূর্ণ মন্ত্রিসভা শপথ নাও নিতে পারে। মন্ত্রিসভার অধিকাংশ পদ আপাতত খালি রেখে মুখ্যমন্ত্রী সহ মাত্র পাঁচ থেকে ছয় জন শপথ নিতে পারেন। বাকি মন্ত্রিসভার পদগুলি আপাতত খালি রাখা হবে।
১২ মে সকাল ১১টায় গুয়াহাটির খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে বিশাল শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ গ্রহণের আগে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু—কারা মন্ত্রিসভায় স্থান পাবেন। ১০২ জন বিধায়কের মধ্যে বিধায়ক দলের নেতা হিসেবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন হিমন্তবিশ্ব শর্মা। বাকি ১০১ জন বিধায়কের মধ্যে কারা মন্ত্রীত্ব পাবেন, তা নিয়ে শাসক দল বিজেপি ছাড়াও মিত্রদল অগপ ও বিপিএফে ব্যাপক আলোচনা চলছে। সোমবার এ নিয়ে খানাপাড়ার মাঠে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী প্রস্তুতির খোঁজ নেন।
এ দিকে, প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া সোমবার বলেন, “আজ রাতেই প্রধানমন্ত্রী গুয়াহাটিতে পৌঁছাবেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে তাঁর পৌঁছানোর কথা ছিল। কিন্তু তাঁর কর্মসূচিতে কিছু পরিবর্তন হয়েছে। সেই অনুযায়ী, সোমবার রাতেই তিনি গুয়াহাটিতে পৌঁছে কইনাধরায় রাত কাটাবেন এবং মঙ্গলবার সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে দিল্লি ফিরে যাবেন।”
১২ মে-র শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন। এছাড়াও, এনডিএ শাসিত ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। দেশের শীর্ষ শিল্পপতি, অসমের সত্রাধিকাররা, বিজেপি ও অগপের বুথ কমিটির সভাপতিরা এবং রাজ্যের গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেবেন।
বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের সমাগম হবে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য যুদ্ধকালীন তৎপরতায় খানাপাড়ায় প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। একসঙ্গে তিনটি প্যান্ডেল তৈরি করা হচ্ছে। কড়া নিরাপত্তার মধ্যে দিনরাত শ্রমিকরা কাজ করছেন। পুরো মাঠ এবং আশপাশে শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
এদিকে, ১২ মে-র শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কামরূপ মহানগর জেলা প্রশাসন গুয়াহাটির বিভিন্ন রাস্তায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছে এবং যান চলাচলে পরিবর্তন এনেছে। মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে মন্ত্রিসভার সর্বাধিক সদস্য সংখ্যা ১৮। এবারে মুখ্যমন্ত্রী সহ এনডিএর নির্বাচিত বিধায়ক ১০২ জন। এর মধ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ৮২। অপরদিকে, এনডিএর শরিক দল অসম গণ পরিষদ (অগপ) ও বিপিএফ থেকে ১০ জন করে বিধায়ক নির্বাচিত হয়েছেন। এই সব দলের মধ্য থেকে ১৮ জনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া স্বাভাবিকভাবেই একটি বড় চ্যালেঞ্জ বলে বিজেপির অন্দরমহলে আলোচনা চলছে।অগপ সভাপতি অতুল বরা বলেন, ‘আমাদের দল থেকে কতজন মন্ত্রী হবেন, তা মুখ্যমন্ত্রীর উপরই ছেড়ে দিয়েছি। এগুলো ভেতরে আলোচনা করার বিষয়।’



