Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে ১৬৩ ধারা জারি, মাইক ও জমায়েতে নিষেধাজ্ঞা
ওয়েটুবরাক, ১৭ মার্চ: জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হাইলাকান্দি জেলা প্রশাসন ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করেছে। জেলাশাসক অভিষেক জৈনের জারি করা নির্দেশে বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী—অনুমতি ছাড়া জনসমক্ষে পাঁচ বা তার বেশি ব্যক্তির জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। লাঠি, দা, ছুরি, তরবারি সহ যে কোনও অস্ত্র বহন নিষিদ্ধ। অনুমতি ছাড়া সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ, ধর্মঘট, স্লোগান, জনসভা করা যাবে না। রাস্তা বা জনপথ অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না।শিশুদের ব্যবহার বা পশু প্রদর্শন করে প্রচার এবং রাস্তায় আতশবাজি ফাটানো নিষিদ্ধ। অনুমতি ছাড়া লাউডস্পিকার/মাইক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের আশেপাশে উচ্চস্বরে মাইক বাজানো যাবে না। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ। উস্কানিমূলক, সাম্প্রদায়িক বা রাষ্ট্রবিরোধী বক্তব্য, পোস্টার, দেওয়াল লিখন নিষিদ্ধ। কোনও ধরনের প্ররোচনামূলক বা দেশবিরোধী স্লোগান দেওয়া যাবে না। এমন কোনও কাজ করা যাবে না, যা সম্প্রীতি নষ্ট বা বিভেদ সৃষ্টি করতে পারে।এসএমএস বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তিকর বার্তা প্রচার নিষিদ্ধ। তবে প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, ভোটগ্রহণ কেন্দ্র, বাজার-হাট, শিক্ষা প্রতিষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, ধর্মীয় আচার-অনুষ্ঠান বা দৈনন্দিন প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়াও পুলিশ, সেনা, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এবং সরকারি কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়। জেলা প্রশাসন জানিয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং নির্বাচনের ফলাফল ঘোষণার দিন পর্যন্ত বলবৎ থাকবে। নির্দেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।



