NE UpdatesAnalyticsBreaking News

সুধাকণ্ঠের নামে হবে ডিব্রুগড় বিমানবন্দর, প্রস্তাব বিধানসভার অধিবেশনে

গুয়াহাটি, ১০ জুন : সোমবার অসম বিধানসভার বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। একদিনের এই বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত হয়, আগামী ৮ সেপ্টেম্বর অসম সহ সারা দেশে ড. ভূপেন হাজরিকার ১০০তম জন্মজয়ন্তী পালন করা হবে। ৮ সেপ্টেম্বর জন্ম শতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে রাজ্য সরকার আগেই একটি কমিটি গঠন করেছিল। জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান কীভাবে পালন করা হবে, এ নিয়ে রাজ্য সরকার বিধানসভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করে।  এই সিদ্ধান্তগুলো এখানে উল্লেখ করা হলো।

  • ডিব্রুগড় বিমানবন্দরটি ড. ভূপেন হাজরিকার নামে উৎসর্গ করা হবে।
  • ৮ সেপ্টেম্বর সুধাকণ্ঠের জন্মজয়ন্তী অনুষ্ঠানটি হবে গুয়াহাটির খানাপাড়ার মাঠে।
  • এ দিন রাজ্যের ১ হাজার যুবক-যুবতী ‘অসম আমার রূপহী গুণরো নাই শেষ’ গানটি পরিবেশন করবেন।
  • ড. ভূপেন হাজরিকা অরুণাচল প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। এরপর তিনি বহু সময় কাটিয়েছেন পশ্চিমবঙ্গে। ফলে এই দুটি রাজ্যে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে।
  • মহারাষ্ট্র তথা মুম্বাইয়ে ড. হাজরিকার বহু অনুগামী রয়েছেন। সেখানে তিনি সঙ্গীত সাধনা করতে গিয়ে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। সে বিষয়টি নজরে রেখে মুম্বাইয়েও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে।
  • ভূপেন হাজরিকার বছরব্যাপী স্মৃতিচারণ অনুষ্ঠানের সমাপ্তি-পর্ব হবে নতুনদিল্লিতে। সেখানকার ভারত মণ্ডপমে এই সমাপ্তি সমারোহের আয়োজন করা হবে।
  • ভূপেন হাজরিকার সঙ্গে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রত্যক্ষ সংযোগ ছিল। তাঁর নামে এই বিশ্ববিদ্যালয়ের একটি চেয়ার রাখার জন্য বিধানসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
  • সুধাকণ্ঠের নামে একটি পোস্টাল স্টাম্প রয়েছে। এ বার তাঁর নামে একটি মুদ্রা রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
  • জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভূপেন হাজরিকার নামে একটি পুস্তক প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর গোটা জীবনের ওপর আলোকপাত করে এই বইটি লিখছেন অসমের বিশিষ্ট লেখক তথা সাহিত্যিক অনুরাধা শর্মা পূজারি। বর্তমানে এটির কাজ চলছে। বইটি লেখা শেষ হলে তা ২৩টি ভারতীয় ভাষায় অনুবাদ করা হবে। এরপর এর ৪ লক্ষ কপি দেশের বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পাঠানো হবে।
  • নতুন প্রজন্মের মধ্যে ভূপেন হাজরিকাকে ছড়িয়ে দিতে ১০ থেকে ১২ লক্ষ প্রতিলিপি মানুষের ঘরে ঘরে পাঠানোর ব্যবস্থা করা হবে।
  • আমেরিকায় থাকা প্রবাসীদের কাছেও ভূপেন হাজরিকার জন্মজয়ন্তী পালন করার আহ্বান জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker