Barak UpdatesHappeningsBreaking News
শিলচর রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

ওয়ে টু বরাক, ৩১ সেপ্টেম্বর : রবিবার জনসমুদ্রে ভেসে শিলচর রাঙ্গিরখাড়িতে নেতাজির নবনির্মিত মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। রিমোটে বোতাম টিপে ২৪ ফুট উঁচু এই মূর্তি উন্মোচন করেন তিনি। এই মূর্তি উন্মোচনের সময় নেতাজির নামে জয়ধ্বনি দেন উপস্থিত কয়েক হাজার মানুষ। এনসিসি ক্যাডেট এবং স্কাউট ও গাইডের সদস্যরা নেতাজিকে গার্ড অব অনার দেন। তাঁরা মুখ্যমন্ত্রীকেও অভিবাদন জানান।
এই উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাকের দুই মন্ত্রী কৌশিক রাই ও কৃষ্ণেন্দু পাল, তিন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কণাদ পুরকায়স্থ ও কৃপানাথ মালাহ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নীহার কান্তি দাস, বিজয় মালাকার এবং শিলচরের বিধায়ক তথা নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির আহ্বায়ক দীপায়ন চক্রবর্তী।
পরে মুখ্যমন্ত্রী রাঙ্গিরখাড়ি রোটারির পাশে এক জনসভায় বক্তব্য রাখেন। এতে তিনি নেতাজির জীবনের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনের রূপকার ছিলেন নেতাজি। শিলচরের সঙ্গেও তাঁর বিশেষ সম্পর্ক ছিল। তিনি দুবার শিলচর ভ্রমণ করেন। তাছাড়া ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে আন্তর্জাতিক স্তরে জনমত গঠন করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেন তিনি।



