Barak UpdatesAnalyticsBreaking News
শিলচরে হিন্দি ভবনের পরিকাঠামো উন্নয়নে পনেরো লক্ষ, প্রতিশ্রুতি সাংসদ কণাদের

ওয়ে টু বরাক, ২০ সেপ্টেম্বর : শিলচরে হিন্দি ভবনের পরিকাঠামো উন্নয়নে রাজ্যসভা সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে পনেরো লক্ষ টাকা প্রদান করবেন কণাদ পুরকায়স্থ। রবিবার, শিলচরে বরাক হিন্দি সাহিত্য সমিতির উদ্যোগে আয়োজিত ‘হিন্দি দিবস সমারোহে’ মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করে এমন প্রতিশ্রুতি দেন তিনি। বক্তব্য প্রসঙ্গে শিলচর হিন্দি ভবনের সামগ্রিক উন্নয়নে গুরুত্ব আরোপ করে তিনি বলেন, যে কোনও ভাষার প্রচার- প্রসারে নির্দিষ্ট ভবনের আবশ্যকতা রয়েছে। যেখানে মনমুগ্ধকর পরিবেশে সেই ভাষার সাহিত্য-সংস্কৃতির চর্চা হতে পারে।
শিলচরের হিন্দি ভবনের পরিকাঠামোগত উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাংসদ কণাদ পুরকায়স্থ বলেন, তিনি অসম রাজ্য থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। তাই তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে উন্নয়নমূলক কাজকর্মে বরাদ্দ করতে হয়। তবে যে কোন ভাষা-সংস্কৃতির বিকাশে অগ্রাধিকার দিতে অঙ্গীকারবদ্ধ তিনি। প্রসঙ্গক্রমে সাংসদ কণাদ আরও উল্লেখ করেন, প্রত্যেক মানুষের নিজের মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও আবেগ রয়েছে। কারণ মাতৃভাষাতে মনের কথা সহজ ও সরলভাবে দ্রুত প্রকাশ করা যায়। কিন্তু মাতৃভাষার প্রতি আবেগ সমাজে যাতে বিভাজন সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রত্যেক ভাষাভাষী লোকের সজাগ এবং সচেতন থাকা আবশ্যক। সাংসদ কণাদ আরও বলেন, কোনও একটি নির্দিষ্ট দিনে বা পক্ষকালে মাতৃভাষার সাহিত্য-সংস্কৃতি চর্চাই যথেষ্ট নয়। প্রতিনিয়ত সেই সাহিত্য-সংস্কৃতি চর্চা করাও আবশ্যক।
এর আগে স্বাগত বক্তব্যে বরাক হিন্দি সাহিত্য সমিতির সভাপতি উদয় শঙ্কর গোস্বামী হিন্দি সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্য নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, আজকের দিনে দেশের পঞ্চাশ শতাংশের বেশি জনগণের পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যম হয়ে উঠেছে হিন্দি। কেননা হিন্দি এতটাই সহজ এবং সরল, যা অন্য ভাষাভাষীর লোকেরা সহজেই রপ্ত করতে পারে।
প্রাসঙ্গিক বক্তব্যে সমিতির কর্মকর্তা অধেশ কুমার সিং বলেন, রাজ্যসভা সাংসদ কণাদ পুরকায়স্থ বর্তমানে সংসদের হিন্দি বিষয়ক কমিটির অন্যতম সদস্য। তাই তাঁর কাছে প্রত্যাশা অনেক। শিলচরের হিন্দি ভবনের পরিকাঠামো উন্নয়নে সাংসদ যে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, সেজন্য সমিতির পক্ষে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পদ্মশ্রী কবীন্দ্র পুরকায়স্থের সঙ্গেও বরাক হিন্দি সাহিত্য সমিতির নিবিড় সম্পর্ক ছিল। বিগত দিনে প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থও বরাকে হিন্দি সাহিত্য সংস্কৃতির বিকাশে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন, যা অবিস্মরণীয়। সেই ধারা অব্যাহত রাখছেন তাঁরই সুযোগ্য সন্তান কণাদ পুরকায়স্থ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন সভাপতি মহাবীর প্রসাদ জৈন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।



