Barak UpdatesHappeningsBreaking News
লোক সেবা পুরস্কারে সম্মানিত হাইলাকান্দি জেলা প্রশাসনের তিন কর্মচারী

ওয়েটুবরাক, ৫ আগস্ট: লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ‘লোক সেবা পুরস্কার-২০২৬’ উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার জেলাশাসকের সভাকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন ২০২৬ সালের লোকসেবা পুরস্কার-এর জন্য নির্বাচিত জেলাশাসকের কার্যালয়ের তিনজন সিনিয়র ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট — নজমুল ইসলাম তাপাদার, অরুণজ্যোতি দে এবং হীরেন্দ্র কুমার রায়-এর হাতে পুরস্কারের শংসাপত্র তুলে দেন জেলাশাসক জয় বিকাশ। পাশাপাশি তাঁদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক জয় বিকাশ বলেন, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারি কর্মচারীদের দেশ ও সমাজ গঠনে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। তিনি কর্মক্ষেত্রে দক্ষতা, সততা ও কর্তব্যনিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও বলেন, রাজ্য সরকারের নন-গেজেটেড কর্মচারীদের অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ‘লোক সেবা পুরস্কার’ প্রদান করা হয়। জেলা আয়ুক্তের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দফতরে আরও অনেক যোগ্য কর্মচারী রয়েছেন। তবে সীমিত সংখ্যক পুরস্কারের কারণে অনেকেই জেলা স্তরে নির্বাচিত হলেও রাজ্য স্তরে স্থান পান না। এতে নিরুৎসাহিত না হয়ে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। নতুন কর্মচারীদেরও সিনিয়রদের সাফল্য থেকে অনুপ্রেরণা গ্রহণের পরামর্শ দেন এবং পুরস্কারপ্রাপ্ত তিন কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের সূচনায় অতিরিক্ত জেলা আয়ুক্ত ভেন লাল নাম্পুই সভার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ছিলেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং আধুনিক অসমের অন্যতম প্রধান স্থপতি। তাঁর আদর্শ ও জনকল্যাণমূলক চিন্তাধারাকে অনুসরণ করে সমাজ ও দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
অপর অতিরিক্ত জেলা আয়ুক্ত মনসুর আহমদ মজুমদার পুরস্কারপ্রাপ্ত তিন কর্মচারীর কর্মদক্ষতা, নিষ্ঠা ও সততার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত নজমুল ইসলাম তাপাদার, অরুণজ্যোতি দে এবং হীরেন্দ্র কুমার রায় তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন, মিনার্ভা দেবী, সহকারী আয়ুক্ত জনাদি লাংথাসা, লক্ষ্যজ্যোতি গগৈ, প্রশাসনিক আধিকারিক তপন নন্দীসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মচারীরা।
এর আগে জেলা আয়ুক্ত ও অন্যান্য আধিকারিকরা লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।


