Barak UpdatesHappeningsBreaking News

লুরিনদের দাবি মেনে বহাগ বিহু আসাম বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায়

ওয়েটুবরাক, ৯ এপ্রিল: অসম জাতীয় পার্টির দাবি মেনে নিয়ে আসাম বিশ্ববিদ্যালয় ছুটির তালিকায় বহাগ বিহুকে যুক্ত করল। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে রেজিস্ট্রার প্রদোষকিরণ নাথ বুধবার জানান, আগামী ১৫ এপ্রিল বাংলা নববর্ষ ও বহাগ বিহু উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয় এবং তার অনুমোদিত কলেজগুলি বন্ধ থাকবে।

এ দিনই আসাম বিশ্ববিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডারে বহাগ বিহুর উল্লেখ না থাকায় এজেপি অসন্তোষ প্রকাশ করে। সভাপতি লুরিনজ্যোতি গগৈ ও সাধারণ সম্পাদক জগদীশ ভুইয়া বলেন, অসমের জাতীয় উৎসব বিহু। এর সঙ্গে রাজ্যের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে।

আসাম বিশ্ববিদ্যালয়কে “আসাম চুক্তির সুফল” বলে দাবি করে তাঁরা বলেন, এর পরও এই প্রতিষ্ঠানে বহাগ বিহুর মতো উৎসব গুরুত্ব না পাওয়া বড় বেদনার। বরাক-ব্রহ্মপুত্রের মধ্যে সুসম্পর্কের সেতু তৈরির আশায় নির্মিত বিশ্ববিদ্যালয়ে বিহুর ছুটি না দেওয়া ‘অসমের গর্বের প্রতি অপমান’ বলেই মন্তব্য করেন এজেপির নেতৃবৃন্দ। তারা অবশ্য ১৪ এপ্রিল বহাগ বিহুর ছুটি দাবি করেছিলেন। সে দিন যে বিশ্ববিদ্যালয় বন্ধ, তা জানিয়েও এজেপি নেতারা বলেন, সেটা আম্বেদকর জয়ন্তীর, বহাগ বিহুর কোনও উল্লেখ নেই। অথচ রাজ্য সরকার ১৪ থেকে ১৬ তারিখ পর্যন্ত বিহু উপলক্ষেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং অফিসসমূহে ছুটি ঘোষণা করেছে।

লুরিনজ্যোতি-জগদীশদের বক্তব্য, কলেজ-বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের ছুটির ক্যালেন্ডারই মেনে চলে। ব্যতিক্রম আসাম বিশ্ববিদ্যালয়। এর দরুন বরাক-ব্রহ্মপুত্র ঐক্য মজবুত করার যে প্রয়াস চলছে, তা বিঘ্নিত হতে পারে। শিলচরের এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে অসমিয়াভাষী বহু ছাত্রছাত্রী রয়েছে, তা মনে করিয়ে দিয়ে এজেপি নেতারা বলেন, এখানে তাঁদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরার সুযোগ দিতে হবে।

এই দাবি পেশের কয়েকঘণ্টার মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করে ১৫ এপ্রিল বাংলা নববর্ষ ও বহাগ বিহুর ছুটি ঘোষণা করলেন রেজিস্ট্রার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker