Barak UpdatesHappeningsBreaking News
লঙাই খালের সঠিক সংস্কার না হলে ভুগতে হবে বহু মানুষকে, উদ্বেগে প্রবীণ নাগরিক মঞ্চ

ওয়েটুবরাক, ১৭ জানুয়ারি: শিলচরে চিত্তরঞ্জন মূর্তি সংলগ্ন স্থানে কালভার্ট প্রশস্ত করার কাজ চলছে। এতে সোনাই রোডের পশ্চিম অঞ্চল, লিংক রোডের ষোলটি গলি, রবীন্দ্র সরণি, বি-টি কলেজের উত্তর দিকের সব গলিপথের জল এসে সহজে লঙাই খালে পড়বে। ন্যাশনাল হাইওয়ে ( চিত্তরঞ্জন অ্যাভিনিউ) সহ বিশাল অঞ্চলের নালা নর্দমার ও বৃষ্টির জল সহ প্রবাহ সংকীর্ণ এক মজা খাল দিয়ে কেমন করে যাবে, এ নিয়ে উদ্বেগে সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ।
গত ১৫ জানুয়ারি মঞ্চের পক্ষে সভাপতি নীহারেন্দু পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপকুমার দে কাছাড়ের জেলা কমিশনারের নিকট এক স্মারকলিপি প্রেরণ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মূর্তির কাছ থেকে খালটির শেষ পর্যন্ত পরিষ্কার করে গভীর করা, লঙাই খালের পাশে সব বেদখল মুক্ত করে প্রশস্ত করা, লঙাইখালের উপর সংকীর্ণ কালভার্টগুলি, বিশেষতঃ বিদ্যাসাগর সরণির শেষ মাথার নিচু ও অপ্রশস্ত কালভার্ট বড় ও গভীর করে অবিলম্বে পুনর্নির্মাণ করা এবং খালটিকে আবর্জনা মুক্ত রাখতে সাহায্য করার জন্য ন্যাশনাল হাইওয়ে বাজারের কাছে চাকাযুক্ত বড় বড় ভ্যাট বা পরিবহনযোগ্য আবর্জনা ট্রেলার/পাত্র রাখার অনুরোধ জানান।

নগরীর দক্ষিণ অংশকে বৃষ্টি-বন্যা থেকে রক্ষা করতে হলে লঙাই খালের সংস্কার এই শুকনো মরসুমে করার জন্য সরকারি, আধাসরকারি সংশ্লিষ্ট সব বিভাগকে, যেমন পথ বিভাগ, পৌর প্রশাসন, জল সম্পদ বিভাগ, দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, পানীয় জল সরবরাহ বিভাগ, জনস্বাস্থ্য বিভাগের সহযোগিতায় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রবীণ নাগরিক মঞ্চ আবেদন করেছে। একটি মানচিত্র ও ফটো সহ লঙাই খালের প্রবাহ ও বাধাগুলো চিহ্নিত করে তাঁরা জানিয়েছেন, “প্রস্তাবিত চারটি পরামর্শ এক বিশাল এলাকার বৃষ্টি-প্লাবন রুখতে অবশ্য প্রয়োজন।”
স্মারকলিপির প্রতিলিপি আসামের মুখ্যমন্ত্রী ও বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রীর নিকট জরুরি হস্তক্ষেপের অনুরোধ সহ প্রেরণ করা হয়েছে বলে সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ জানিয়েছে।



