Barak UpdatesHappeningsBreaking News
রক্তদান নিয়ে সচেতনতামূলক সভা রাধামাধব কলেজে

ওয়েটুবরাক, ৩ সেপ্টেম্বরঃ বুধবার স্টুডেন্টস হেলথকেয়ার সেন্টার রাধামাধব কলেজ এবং রেড রিবন ক্লাবের যৌথ উদ্যোগে ও শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির সহযোগিতায় আয়োজিত হয় “রক্তদান” বিষয়ক সচেতনতামূলক সভা। এদিন রাধামাধব কলেজ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত সভায় মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এস এস কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির কার্য্যকরী সদস্য ডঃ পরিতোষ চন্দ্র দত্ত।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডঃ দত্ত বলেন, আমরা সামাজিক জীব। তাই আমরা কেবল নিজের জন্য বাঁচতে পারি না। আমাদেরকে অন্যের জন্যও বাঁচতে হবে। সামাজিক জীব হিসাবে আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে, কর্তব্য রয়েছে। এগুলোকে পালন করতে হবে। আমরা সুন্দর করে বাঁচবো এবং পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে সুন্দর করে বাঁচিয়ে নিয়ে যাব।
তিনি বলেন, সামাজিক এই কাজের মধ্যে বড় কাজ হচ্ছে রক্তদান। এই কাজে কোনও ধরনের অপকারিতা নেই। আমরা জীবনে প্রতিদিন যে কাজ করি তারমধ্যে উপকারিতার পাশাপাশি অপকারিতা রয়েছে কিন্তু রক্তদানের মতো দানে কোনও ধরনের অপকারিতা নেই বলে জানান ডঃ দত্ত। তিনি ছাত্র ছাত্রীদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্টস হেল্থ কেয়ার সেন্টার রাধামাধব কলেজের কনভেনর ডঃ দেবাশিস রায় । আমন্ত্রিত অতিথি শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির কার্যকরী সদস্য ডঃ ইন্দ্রানী ভট্টাচার্য বলেন, মানব ধর্মের একটাই কথা জীবসেবা। জীব সেবার মধ্য দিয়ে আমরা সবকিছু সেবা করতে পারি। তিনি বলেন, রক্তদান এমন একটা দান যে দানে কোনও শর্ত থাকে না, এর জন্য নিজস্ব ইচ্ছাশক্তি কাজ করে। তিনি আশা ব্যক্ত করে বলেন, এই সভাগৃহের অন্ততঃ পঞ্চাশ শতাংশ ছাত্রছাত্রী আগামীদিনে রক্তদানে এগিয়ে আসবে।
ইন্দ্রানী আরও জানান, আজকের মুখ্য বক্তা ডঃ পরিতোষ চন্দ্র দত্ত সত্তর বার রক্তদান করেছেন এবং তিনি নিজে করেছেন কুড়ি বার। যারা রক্তদান করবে তারা অবশ্যই রক্তদানের উপকারিতা বুঝতে পারবে । অধ্যাপক ডঃ কালীপদ দাশ বলেন, রক্তদানের চেয়ে বড় দান আর কিছু হতেই পারে না। কাজেই এ ধরনের মহতী কাজে ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে এবং অন্যদের উদ্বুদ্ধ করতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আই.কিউ.এ.সি-র কো-অর্ডিনেটর ডঃ সোনালি চৌধুরী, অধ্যাপক ডঃ অরুণাভ ভট্টাচার্য ও শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির চিফ কনভেনর কমল চক্রবর্তী । গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ডঃ পিয়া দাস । এদিনের অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক ও অশিক্ষক কর্মচারী ছাড়াও বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।



