Barak UpdatesHappeningsBreaking News
পূর্ব ধলাইয়ে তিনটি পূর্ত সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করলেন বিধায়ক নীহার

ওয়ে টু বরাক, ১১ মার্চ : মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে বুধবার পূর্ব ধলাইয়ে তিনটি পূর্ত সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন ধলাইর বিধায়ক নীহার রঞ্জন দাস। এ দিন প্রথমে দর্মিখাল জিপিতে ১ কোটি ২৬ লক্ষ টাকার মঞ্জুরীকৃত অর্থে শচীনপুর-চন্দ্রপুর পূর্ত সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করেন বিধায়ক। পরে কৃষ্ণপুর গঙ্গানগর জিপিতে ১ কোটি ২ লক্ষ টাকার বরাদ্দ অর্থে কৃষ্ণপুর থেকে আমড়াঘাট মতিনগর এসএমডি পূর্ত সড়ক পর্যন্ত পূর্ত সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করেন তিনি। শেষে গঙ্গানগর জিপিতে ১ কোটি ৫৯ লক্ষ টাকার অর্থানুকুল্যে গঙ্গানগর পিএমজিএসওয়াই সড়ক থেকে বাংলাটিলা পর্যন্ত পূর্ত সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করেন বিধায়ক নীহার রঞ্জন দাস ।
এছাড়াও এ দিন ডিএমএফটি ফান্ড থেকে ভুবনডহর জিপির পুনিখাল রাস্তার ভাঙ্গন রোধে ৩৫ লক্ষ টাকায় ভাঙন প্রতিরোধে দেওয়াল নির্মাণ কাজ ও মথুরাপুর জিপির পি ডব্লিউ ডি রাস্তা থেকে টিলানগর পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য ২০ লক্ষ টাকার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক নীহার রঞ্জন দাস।
শিলান্যাস উপলক্ষে অনুষ্ঠিত পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহার রঞ্জন দাস বলেন, উপ নির্বাচনে জয়লাভের পর বিধায়ক হিসেবে এখন পর্যন্ত তার কার্যকালের ১ বছর ৩ মাস পূর্ণ হয়েছে । আর এই ১ বছর ৩ মাসের কার্যকালে পূর্ত সড়ক নির্মাণের জন্য ধলাইতে ১৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছে । তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ধলাইকে আলাদাভাবে বিচার করেন, অন্যান্য বিধানসভা কেন্দ্রে পূর্ত সড়ক নির্মাণের জন্য যেখানে ৩০ কোটি টাকা দিয়েছেন, সেখানে ধলাইতে দিয়েছেন ৫০ কোটি টাকা। এছাড়া আসাম মালা প্রকল্পের জন্য ধলাইতে ৩৬ কোটি টাকা দেন মুখ্যমন্ত্রী। বিধায়ক আরও বলেন, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ধলাইতে প্রায় দুকোটি টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এ দিন বিধায়ক বলেন, ধলাইতে যথেষ্ট উন্নয়নমূলক কাজ হচ্ছে। প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী থাকার সুবাদে ধলাইর বিভিন্ন এলাকায় বড় বড় রাস্তা নির্মাণ হয়েছে এবং তাঁর প্রস্তাবিত অনেক প্রকল্পের কাজ এখনও চলছে। এ দিন তিনি আগামী ১৪ মার্চ শিলচর বুধুরাইল বাইপাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগদান করতে সবাইকে আহ্বান জানান। বলেন, বরাকে আসছেন প্রধানমন্ত্রী, সঙ্গে উপহার নিয়ে আসছেন। তাই অনুষ্ঠানে গিয়ে তাঁর সঙ্গ দেওয়া আমাদের কর্তব্য। এ দিনের শিলান্যাস অনুষ্ঠানে নির্মাণ কাজের বিবরণ তুলে ধরে বক্তব্য রাখেন পূর্ত বিভাগের সোনাই ধলাই টেরিটোরিয়াল রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোজিৎ অধিকারী।
প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাশ, জেলা পরিষদ সদস্যা পম্পী নাথ চৌধুরী, ধলাই-নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাশ, পূর্ব ধলাইর প্রাক্তন জিলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি সোমেন দাশ প্রমুখ। পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর গঙ্গানগর জিপি সভানেত্রী রীণারাণী দাশ, গঙ্গানগর জিপি সভানেত্রী এম মমতা লৈমা, বিজেপির পালংঘাট মণ্ডল সাধারণ সম্পাদক অজয়কৃষ্ণ দেব, ভুবনডহর জিপি সভানেত্রীর প্রতিনিধি রাজীব দাস, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সাপু রবিদাস, মথুরাপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা মল্লিকা কৈরী, বিজেপির প্রবীণ কর্মী ধীরেন্দ্র চন্দ্র দাশ, কৃপেশ পাল, চুন্নিলাল সিংহ, বিশ্বজিৎ দাশ, ওয়াই মেঞ্জর সিংহ, প্রীতম ঘোষ প্রমুখ।


