NE UpdatesHappeningsBreaking News
মেইতেই কৃষককে কুকিদের বাধা, মণিপুরে উত্তেজনা

ওয়েটুবরাক, ১৫ জুনঃ মৈতৈ কৃষককে চাষবাসে কুকিদের বাধাদান ঘিরে রবিবার ফের মণিপুরের পূর্ব ইম্ফল ও কংপকপি জেলায় উত্তেজনা ছড়ায়। বিশাল বাহিনী নিয়ে পুলিশ কর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মেইতেই কৃষক নানদেইবাম মবি জানান, অশান্তি এড়াতে দুই বছর ধরে তিনি নিজের জমি ফাঁকা ফেলে রেখেছিলেন। রবিবার সকাল দশটা নাগাদ ট্রাক্টর নিয়ে গিয়েছিলেন সেখানে। তখনই কুকি জনগোষ্ঠীর মানুষ দল বেঁধে সেখানে গিয়ে তাঁকে বাধা দেন। তাদের দাবি, এই জমি লেইতানপকপি গ্রামে পড়েছে। আর লেইতানপকপি হচ্ছে কুকিগ্রাম। তাই এখানে মেইতেইরা চাষবাস করতে পারবেন না।
চাষে বাধাদানের কথা শুনে মেইতেই জনগোষ্ঠীর প্রচুর মানুষও সেখানে ছুটে যান। জমির বৈধ কাগজপত্র থাকলে কেন চাষ করতে পারবেন না, এই প্রশ্ন তোলেন তাঁরা। বেশ কিছুক্ষণ উভয়পক্ষে ঢিল ছোঁড়াছুড়ি হয়। তাতে তিনজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাঁরা ঘটনাস্থলে গিয়ে দুই গোষ্ঠীকেই নিরস্ত করেন। কাগজপত্রের ভিত্তিতে চাষের অধিকার নিশ্চিত করা হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সমাজমাধ্যমে নানা ধরনের গুজব রটানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তারা গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করেন এবং গুজব রটনাকারীদেরও সতর্ক করে দেন। মণিপুর পুলিশ এক্স হ্যান্ডেলে জনগণকে আশ্বস্ত করেন যে, পূর্ব ইম্ফল জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে রয়েছেন। অতিরিক্ত বাহিনীও সেখানে মোতায়েন করা হয়েছে।



