Barak UpdatesHappeningsBreaking News
ভেন্টিলেশনে কবীন্দ্র পুরকায়স্থ, গঠিত মেডিক্যাল বোর্ড

ওয়েটুবরাক,২৬ ডিসেম্বর : আবারও গুরুতর অসুস্থ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর পূর্ব ভারতে বিজেপির অন্যতম স্থপতি কবীন্দ্র পুরকায়স্থ। মঙ্গলবার সকালে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় শুক্রবার দুপুরে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয় । তখন থেকে তিনি ওই বিশেষ ব্যবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন থেকে কবীন্দ্রবাবুর শরীর ভালো যাচ্ছিল না। তাই মঙ্গলবার সকালে তাঁকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চার দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শুক্রবার সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর মেডিক্যাল বোর্ড বসে তাঁকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
শিলচর মেডিক্যাল কলেজ সূত্রে বলা হয়েছে, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও আশঙ্কাজনক। বুকে সংক্রমণ, রক্তচাপ সহ নানা সমস্যায় আক্রান্ত হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে নিয়ে যেতে হয়েছে। তাঁর চিকিৎসার তদারকি করছেন শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অভিজিৎ স্বামী।
কবীন্দ্র তনয় রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ সহ তাঁর পরিবার পরিজনদের অনেকেই এই সময়ে মেডিক্যাল কলেজে রয়েছেন। রাজনৈতিক ও সামাজিক মহলের অসংখ্য মানুষ ফোন করে কবীন্দ্রবাবুর স্বাস্থ্যের খবর নিচ্ছেন। সাংসদ কণাদ পুরকায়স্থকে টেলিফোন করে কবীন্দ্রবাবুর খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীনও। তাঁরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাস থেকে বার কয়েক অসুস্থ হলে কবীন্দ্র পুরকায়স্থকে ভর্তি করা হয় শিলচর মেডিক্যালে। প্রতিবারই অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। এ বারও অনুরূপ ঘটনা ঘটুক, প্রার্থনা করছেন তাঁর আত্মীয় পরিজন ও গুণমুগ্ধরা।



