Barak UpdatesHappeningsBreaking News
ভাষাসংগ্রাম বিষয়ক ক্যুইজ প্রতিযোগিতায় প্রথম আরমান, দ্বিতীয় রেশমী

ওয়েটুবরাক, ২৮ জুলাই: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি আয়োজিত অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ভাষাসংগ্রাম বিষয়ক ক্যুইজ প্রতিযোগিতায় প্রায় সমানে সমানে লড়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে ক্রমে আরমান হোসেন লস্কর ও রেশমী বেগম বড়ভূইয়া। দুজনেই ইটখলা স্থিত স্বামী বিবেকানন্দ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া। তৃতীয় স্থান অধিকার করে হলিক্রশ স্কুলের ছাত্রী পারিজাত সেন। স্বামী বিবেকানন্দ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের রাজা তালুকদারকে দেওয়া হয়েছে বিশেষ পুরস্কার।
এই ক্যুইজ পরিচালনা করেন সংগঠনের দুই কর্মকর্তা দীপক সেনগুপ্ত ও সব্যসাচী রুদ্র গুপ্ত। স্কোরারের ভূমিকা পালন করেন সংগঠনের সদস্যা উত্তরা সাহা। ক্যুইজের সঙ্গীত-কবিতা পর্বে সহযোগিতা করেন শর্মিষ্ঠা চাকী, তাপসী দত্ত ও বাপী রায়।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতা করেন কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর, সদস্য তথা আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. গণেশ নন্দী প্রমুখ।
এটি মূলত ছিল বঙ্গ সাহিত্যের কাছাড় জেলা সমিতি আয়োজিত ‘উনিশকে মনে রেখে মাতৃভাষা চর্চা’র সমাপ্তি অনুষ্ঠান। উনিশ মেকে সামনে রেখে গত ১৫ মে তারিখে স্কুলছাত্রদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা কর্মসূচির সূচনা হয়েছিল। মালুগ্রামের কাছাড় হাই স্কুল, উধারবন্দ শিক্ষাসদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তারাপুরের সূর্যকুমার হাই স্কুল, সুভাষনগরের মনমোহন বালিকা বিদ্যালয়, ইটখলার স্বামী বিবেকানন্দ বহুমুখী স্কুলে গিয়ে প্রতিযোগিতা আয়োজনের পর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সমাপ্তি পর্বে গত ২০ জুলাই এই প্রতিযোগিতা হয় বঙ্গভবনে।



