Barak UpdatesHappeningsBreaking News

ভারতের বাঙালিরা সিলেটি বোঝেন না? বিজেপি নেতার মন্তব্যে রেগে অগ্নিশর্মা সুস্মিতা

ওয়েটুবরাক, ৪ আগস্ট: প্রথমে দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বালাদেশি ভাষা বলে উল্লেখ করে বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি বাঙালিকে অপমান করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুস্মিতা দেব সহ বহু বাঙালি নেতা, এমনকি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও এর প্রতিবাদে সরব হলে দিল্লি পুলিশের পক্ষ নিয়ে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত কুমার মালব্য। তিনি যুক্তি দেখানোর বদলে কুযুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করে ভাষা বিতর্ককে নতুন করে উস্কে দিলেন। মালব্যের মন্তব্য, অভিযুক্তরা সিলেটি ভাষা ব্যবহার করছিলেন, যা ভারতের বাঙালিরা বুঝতে পারেন না। কারণ এটা বাংলাদেশের ভাষা। তাই একে বাংলা না লিখে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছিল।

তাঁর এই মন্তব্য আগুনে ঘি ঢেলে দেয়। এমনিতেই দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশের ভাষা লেখায় প্রচণ্ড ক্ষিপ্ত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। পরে সিলেটিদের নিয়ে মালব্যের অপমানজনক মন্তব্যে তিনি রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন। বলেন, বাংলা যে দেশের স্বীকৃত কয়েকটি ভাষার মধ্যে অন্যতম, দিল্লি পুলিশের কাছে এই তথ্যটুকুও নেই?

“হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি”ধারী বলে অমিত মালব্যকে কটাক্ষ করে সুস্মিতা বলেন, “আপনারা যখন একটা ভাষার ইতিহাস জানেন না, একটা অঞ্চলের ইতিহাস জানেন না, তখন কেন আলটপকা মন্তব্য করতে যান?” সাংসদ দেবের কথায়, অমিত সিলেটিদের অপমান করেছেন। এ ব্যাপারে তিনি মোদির দৃষ্টি আকর্ষণ করে বলেন, অমিতের মন্তব্য ধিক্কারজনক। সুস্মিতা জানান, “অসমের বরাক উপত্যকার অধিকাংশ মানুষ সিলেটি উপভাষায় কথা বলেন। এ ছাড়াও, দিল্লি, মুম্বাই, কলকাতা সহ বহু জায়গায় সিলেটিরা ছড়িয়ে রয়েছেন। তাদের কথ্য ভাষা সিলেটি। তা এ দেশের বাঙালিরা বোঝেন না, এই কথা অতি নিন্দনীয়।”

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker