NE UpdatesHappeningsBreaking News
ভয়ঙ্কর বন্যা অসমে, মৃত্যু বেড়ে ৭৫

ওয়েটুবরাক, ২৯ জুলাই: অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মঙ্গলবার আরও সাতজনের মৃত্যু হওয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৫। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ)-র সর্বশেষ বুলেটিন অনুযায়ী, নতুন সাতটি মৃত্যুর ঘটনা ঘটেছে শিবসাগর জেলার নজিরা রাজস্ব চক্র এলাকায়।
শিবসাগর ছাড়াও চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নগাঁও, শোণিতপুর এবং কামরূপ (মেট্রোপলিটন) বন্যার কবলে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর ও চরাইদেও। রাজ্যের মোট ২১টি রাজস্ব চক্র এবং ৬২২টি গ্রাম প্লাবিত। যদিও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কমে ৩ লক্ষ ৩২ হাজার ৬৩৯-এ নেমে এসেছে। চরাইদেও-তে ১ লক্ষ ৪২ হাজার ৭৫৬ জন বন্যাকবলিত। এরপর রয়েছে শিবসাগর (৯৭,০৭৪) এবং যোরহাট (৫৭,৩৭১)।
বর্তমানে ৮১টি ত্রাণ শিবিরে ৩২ হাজার ৪৭৭ জন আশ্রয় নিয়েছেন। পাশাপাশি ৩৪টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু রয়েছে। ত্রাণ ও উদ্ধারকাজে সেনাবাহিনী, বায়ুসেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), দমকল ও জরুরি পরিষেবা এবং স্বেচ্ছাসেবকেরা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে, গোলাঘাট জেলার নুমালিগড়ে ধানসিড়ি নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। প্রায় ৪৫ হাজার ৩৪১.৯৮ হেক্টর কৃষিজমি জলমগ্ন। বিভিন্ন এলাকায় বাড়ি, গোয়ালঘর, স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রেরও ক্ষয়ক্ষতির খবর মিলেছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বন্যায় মৃতদের নিকটাত্মীয়দের ক্ষতিপূরণ পাওয়ার নিয়মে শিথিলতা আনা হয়েছে। সরকারি অনুদানের পাশাপাশি মৃতদের পরিবারকে অতিরিক্ত ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।
যাঁরা বন্যায় নিখোঁজ হয়েছেন, এক মাসের মধ্যে তাঁদের দেহ উদ্ধার না হলে, সংশ্লিষ্ট পরিবারের জন্য মোট ৯ লক্ষ টাকার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় শংসাপত্র দেওয়ার দায়িত্ব থাকবে সার্কেল অফিসারের উপর।
এছাড়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত চার জেলা—শিবসাগর, চরাইদেও, যোরহাট এবং গোলাঘাটের ‘গুরুতর ক্ষতিগ্রস্ত’ পরিবারগুলিকে অন্তর্বর্তীকালীন সাহায্য হিসেবে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করবে সরকার। সাম্প্রতিক বন্যার পর গত ১০ দিনে এই তহবিলে ২৬ কোটিরও বেশি টাকা জমা পড়েছে। আগামী ৩ অগস্ট থেকে ক্ষতিগ্রস্ত বাড়ি, গবাদি পশু, মৎস্যচাষ ও কৃষিজমির ক্ষয়ক্ষতির মূল্যায়ন শুরু হবে। এরপর ধাপে ধাপে ক্ষতিপূরণ দেওয়া হবে যোগ্য পরিবারগুলিকে।



