NE UpdatesHappeningsBreaking News
বিজেপির সঙ্গে ৪০ বছরের গাঁটছড়া ছিন্ন করে অসম জাতীয় পরিষদে রাজেন গোঁহাই

গুয়াহাটি, ৫ নভেম্বর : বিজেপি ভুয়া হিন্দুত্ববাদের ওপর প্রতিষ্ঠিত। হিন্দুদের ভয় দেখানোর জন্য মুসলমানদের নাম ব্যবহার করে। নিজেরাই বিবাদ লাগিয়ে মুসলমানদের বদনাম দেয়।” এই মন্তব্য করেন বিজেপি ছেড়ে আঞ্চলিক দল অসম জাতীয় পরিষদে যোগ দেওয়া রাজেন গোঁহাই। অজাপ দলে যোগদানের পর রাজেন গোঁহাই সংবাদমাধ্যমের সামনে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
উল্লেখ্য, বুধবার জাতীয় দল বিজেপি ছেড়ে আঞ্চলিক দল অসম জাতীয় পরিষদে (সংক্ষেপে অজাপ) যোগ দেন প্রবীণ রাজনীতিক, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও চারবারের সাংসদ রাজেন গোঁহাই। গত মাসে বিজেপি ত্যাগ করা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাজেন গোঁহাই বুধবার আনুষ্ঠানিকভাবে অজাপে যোগ দেন।
দিসপুরস্থিত লোকনির্মাণ বিভাগের কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে রাজেন গোঁহাই শতাধিক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে অজাপে যোগদান করেন। অনুষ্ঠানে টাই আহোম জাতীয় পরিষদের প্রাক্তন উপ-সভাপতি রাজকুমার চেতিয়া, ডা. সিদ্ধার্থ শর্মা, প্রাক্তন বিজেপি নেতা জ্যোতিপ্রসাদ নাথ, প্রকৌশলী আব্দুল জলিল সহ শতাধিক নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা অসম জাতীয় পরিষদে যোগ দেন।
অজাপের সভাপতি লুরিনজ্যোতি গগৈ এবং সাধারণ সম্পাদক জগদীশ ভূঞা-সহ দলীয় নেতৃত্ব যোগদানকারীদের দলে স্বাগত জানান। এদিকে, অজাপে যোগদান করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ নেতা রাজেন গোঁহাই বলেন, “আমি সব কাজ নিয়ম মেনে এবং সর্বোচ্চ সততার সঙ্গে করি। আমি কোনও ভণ্ডামি করতে পারি না। আজ এক পবিত্র দিন। এক শুভ দিন বলে মনে করে আজ যোগদান করলাম। জাতীয় দলে আমি ৪০ বছর দিয়েছি।”



