Barak UpdatesHappenings
বাংলা ভাষা শিক্ষার প্রসারে হাইলাকান্দিতে দূর- শিক্ষার পাঠকেন্দ্র খুলছে বরাকবঙ্গ

ওয়েটুবরাক, ১২ অক্টোবর : বাংলা ভাষা শিক্ষার প্রসারে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন হাইলাকান্দিতে দূর শিক্ষা কেন্দ্রের নতুন পাঠকেন্দ্র খুলছে। এর ফলে ওই জেলার যেসব পড়ুয়া অসম সরকারের শিক্ষাবিভাগ অনুমোদিত এক বছরের বাংলা ডিপ্লোমা কোর্সে পাঠ নিতে আগ্রহী তারা উপকৃত হবেন। এতদিন তাদের শিলচর বঙ্গভবনে এসে পাঠ নিতে হতো। চলতি শিক্ষাবর্ষ থেকে এই পাঠকেন্দ্র হাইলাকান্দি মহিলা কলেজে চালু হচ্ছে।
বরাকবঙ্গ পরিচালিত দূর -শিক্ষা কেন্দ্র এ বছর দশম বর্ষে পা দিয়েছে। গত ৯ বছরে এই কেন্দ্র অত্যন্ত সফলভাবে কাজ করে সব মহলের প্রশংসা কুড়িয়েছে। এই শিক্ষা কেন্দ্রে ভর্তি হয়ে এখন পর্যন্ত এক হাজারের অধিক বাঙালি ও অন্যান্য ভাষাভাষী পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন। এদের উল্লেখযোগ্য অংশই ইতোমধ্যে জীবনে প্রতিষ্ঠিত । এই সাফল্যের চিত্রকে সামনে রেখে সম্মেলনের সুবর্ণ জয়ন্তী বর্ষে এই দূর- শিক্ষা কেন্দ্রের পরিসর আরও সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চলের পড়ুয়াদের অসুবিধার কথা চিন্তা করে ওখানে নতুন পাঠকেন্দ্র খুলে তার নিরসনে ব্যবস্থা নিল বরাকবঙ্গ।
এই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য দূর -শিক্ষা কেন্দ্রের অবৈতনিক সঞ্চালক গৌতম প্রসাদ দত্ত ও সহ- নিবন্ধক জয়ন্ত দেবরায়, সম্মেলনের হাইলাকান্দি জেলা সমিতির সম্পাদক দেবদত্ত চক্রবর্তী ও কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক নিজামুদ্দিন লস্করকে সঙ্গে নিয়ে রবিবার হাইলাকান্দি মহিলা কলেজে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ নন্দিনী দাসের সঙ্গে বৈঠকে বসেন।
ওই বৈঠকে বিস্তারিত আলোচনার পর বিষয়টি চূড়ান্ত করা হয়। বৈঠকে সম্মেলনের কেন্দ্রীয় সমিতির অন্যতম সহ-সভাপতি মানিক চক্রবর্তী, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক জিতেন্দ্র নাথ ও মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপকরাও উপস্থিত ছিলেন।
চলতি শিক্ষাবর্ষে বাংলা ডিপ্লোমা কোর্সে পাঠ গ্রহণের জন্য রাজ্যের দুই উপত্যকার মোট ৭৫২জন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৫৪ জন কেবল হাইলাকান্দি জেলারই পড়ুয়া। হাইলাকান্দি শহরে দূর শিক্ষা কেন্দ্রের পাঠকেন্দ্র খোলায় ওই জেলার ১৫৪ জন পড়ুয়াকে পাঠ গ্রহণের জন্য আর নিয়মিত শিলচর বঙ্গভবনে আসতে হবে না। ফলে যাতায়াতের জন্য অর্থ ও সময় যেমন সাশ্রয় হবে, তেমনি ভ্রমণের পরিশ্রমও আর থাকবে না। আগামী ১ নভেম্বর কাছাড় ও শ্রীভূমি জেলার সঙ্গে হাইলাকান্দি জেলার নতুন পাঠকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু হবে। পাঠ গ্রহণের আনুষঙ্গিক অন্যান্য ব্যবস্থাও মহিলা কলেজেই থাকবে।
এই পদক্ষেপের ফলে সম্মেলনের দূর শিক্ষা কেন্দ্রের পাঠদানের ব্যবস্থা আরও বিকেন্দ্রীকরণ হবে । পাশাপাশি বাংলা ভাষা শিক্ষার প্রচার ও প্রসারের কাজটি সম্প্রসারিত হওয়ায় ওই জেলার প্রত্যন্ত এলাকার আগ্রহী পড়ুয়াদের পাঠগ্রহণ আরও সহজ হয়ে গেল। দূর- শিক্ষা কেন্দ্রের পাঠকেন্দ্র ১৯১৭-১৮ শিক্ষাবর্ষে শিলচরের শুরু হলেও গত বছর তাকে সম্প্রসারিত করার প্রক্রিয়া শুরু হয়। শ্রীভূমির রবীন্দ্রসদন মহিলা কলেজে গত শিক্ষাবর্ষ থেকে শ্রীভূমি জেলার জন্য দ্বিতীয় পাঠকেন্দ্র খোলা হয়েছে। ওই কেন্দ্রটিও অত্যন্ত দক্ষতার সঙ্গে চলছে। শ্রীভূমি জেলার ভর্তি হওয়া পড়ুয়াদের পাঠগ্রহণ এবং পরীক্ষার জন্য এখন আর শিলচর আসতে হয় না।



